চলতি উইম্বলডন টেনিসে শীর্ষ বাছাই ইগা সিয়ানতেকের বিদায়ের পর এখন শিরোপার সবচেয়ে বড় দাবিদার ইলেনা রিবাকিনা। তিনি ক্যারিয়ারের সেরা টেনিস খেলে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে চেক রিপাবলিকের বারবোরা ক্রেসিকোভার মুখোমুখি হবেন এই কাজাখ খেলোয়াড়। তার আগে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের মুখোমুখি হচ্ছেন ইতালির জেসমিন পাওলিনি।

 

নারী এককে এখন পর্যন্ত যারা টিকে আছেন তাদের মধ্যে ২০২২ আসরের চ্যাম্পিয়ন রিবাকিনাই শীর্ষ র‍্যাংকধারী, তিনিই ফেভারিট। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে মাত্র ৬১ মিনিটেই উড়িয়ে দেন তিনি। এ পথে উইনারই মেরেছেন ২৮টি। এখন তিনি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা থেকে মাত্র দুই জয় দূরে।

 

সেমিফাইনাল সামনে রেখে রিবাকিনা বলেন, ‘এটা বিশেষ এক শিরোপা যা আমি জিততে চাই, আবারো কাজটি করতে চাই। এটা সবাই জিততে চায়। প্রত্যেকেই এজন্য লড়াই করতে চায়।’

 

ঘাসের কোর্টে খুব বেশি প্রস্তুতি নিয়ে উইম্বলডনে আসতে পারেননি রিবাকিনা। তলপেটের ব্যাথার কারণে বার্লিন ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে নাম প্রত্যাহার করে নেন এবং ইস্টবোর্ন থেকে সরে দাঁড়ান। যদিও উইম্বলডনে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। সেমিফাইনাল পর্যন্ত মাত্র একটি সেট হেরেছেন। আর অল-ইংল্যান্ড ক্লাবের ২১ ম্যাচের মধ্যে জিতেছেন ১৯টি। উইম্বলডনে জিতেছেন ৯০.৫ শতাংশ ম্যাচ, শুধু অ্যান জোন্স ও স্টেফি গ্রাফই শুধু তার চেয়ে এগিয়ে আছেন। এ নিয়ে রিবাকিনা বলেন, ‘‘আমি মনে করি, এটা অবিশ্বাস্য এক রেকর্ড। ঘাসের কোর্টে প্রথম যখন খেলতে আসি তখন অনেক অস্বস্তি ছিল। যদিও আমার কোচ বললেন, ‘তোমার জন্মই হয়েছে ঘাসের কোর্টে খেলার জন্য, তুমি ঠিক এগিয়ে যাও।’’

 

কথাটি সঠিক প্রমাণ করতে সময় নেননি তিনি। মাত্র দ্বিতীয় আসরেই উইম্বলডন শিরোপা জিতে তাক লাগিয়ে দেন। এবার দ্বিতীয় শিরোপার আশা জাগিয়েছেন।