লা লিগার এল ক্ল্যাসিকো আর ইতালির মিলান ডার্বির মতোই উত্তাপ ছড়ায় ইংল্যান্ডের ম্যানচেস্টার ডার্বি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টারের দুই জায়ান্ট—ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। শিরোপার রেস থেকে আগেই ছিটকে গেছে ম্যানইউ। বিপরীতে শিরোপা ধরে রাখার মিশনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। লিগে দুই দলের অবস্থানও আকাশ-পাতাল পার্থক্য। অবশ্য অবস্থান যাই হোক, ঐতিহ্যের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। ওল্ড ট্রাফোর্ডে আজ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ঐতিহ্যবহুল এ ফুটবল দ্বৈরথ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত দুদল ১৮৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। বর্তমান সময়টা খারাপ গেলেও ডার্বিতে আধিপত্য কিন্তু ম্যানইউরই। যেখানে তারা জিতেছে ৭৭ ম্যাচে, ৫৬টিতে জিতেছে ম্যানসিটি, ৫৩টি ড্র হয়েছে।

চলতি মৌসুমে প্রথম ডার্বিতে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ড থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল সিটি।

সময়টা ভালো যাচ্ছে না রেড ডেভিলদের। লিগ কাপ ও এফএ কাপে ব্যর্থ হয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। লিগে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। অন্যদিকে ম্যানসিটি ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। এফএ কাপে আছে কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। প্রিমিয়ার লিগেও ছুটছে শিরোপা ধরে রাখার মিশনে। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে।

গতকাল লিভারপুল ঘরের মাঠে ওয়েস্টহামের মুখোমুখি হয়। তার আগ পর্যন্ত ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল তারা। সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। আজ ডার্বিতে সিটিজেনরা হোঁচট খেলে লিভারপুলের সঙ্গে তাদের তেমন পার্থক্য থাকবে না। বিবিসি