বিশ্বকাপের প্রস্তুতি
হিসেবে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে
তিনটি (৩, ৫ ও ৭ মে) ও ঢাকায় দুটি (১০ ও ১২ মে) ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলতে
২৮ এপ্রিল ঢাকায় পৌঁছবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপরই তারা উড়াল দেবে চট্টগ্রামের পথে।
জিম্বাবুয়ের সঙ্গে হোম
সিরিজ শেষে টি২০ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে
তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ক্রিকেট
এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিরিজের সূচি নিশ্চিত করেছে। টেক্সাসের হিউস্টনের
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো যথাক্রমে ২১,
২৩ ও ২৫ মে।
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আদর্শ হতে পারে। এই দলটির বিপক্ষে টি২০তে দারুণ রেকর্ড
টাইগারদের। এখন পর্যন্ত ২০ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে সাতটি জয়
পেয়েছে। দুই দলের সর্বশেষ দেখা ২০২২ সালের টি২০ বিশ্বকাপে। ব্রিসবেনে হাড্ডাহাড্ডি
লড়াইয়ের সেই ম্যাচে ৩ রানে জিতেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ ১৯ রানে ৩ উইকেট নিয়ে হয়েছিলেন
ম্যাচসেরা।
দুই দল এখন পর্যন্ত সাতটি
টি২০ সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ তিনটি ও জিম্বাবুয়ে একটি জিতেছে, বাকি
তিনটি অমীমাংসিত ছিল। এই প্রথম পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে দুই দল।










