প্রায় ১০ দিনের প্রতীক্ষার পর অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক
ঘটল বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাসের। আজ দিল্লি ক্যাপিটালসের মাঠে
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নামা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে
নামেন ইংলিশ ব্যাটার জেসন রয় ও লিটন। চতুর্থ বলে প্রথম স্ট্রাইক পেয়েই ইশান্ত
শর্মার বলকে মাঠের বাইরে পাঠান লিটন। ফুল লেংথের বল ফ্রন্ট ফুটে খেলে কভার অঞ্চল
দিয়ে বাউন্ডারি হাঁকান তিনি।
যদিও এরপর আর কোনো রান করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ৪ বলে ৪ রান করে
বিদায় নিয়েছেন তিনি। মুকেশ কুমারের শর্ট বলে স্কয়ার লেগ অঞ্চলে ললিত যাদবকে ক্যাচ
দেন লিটন।
লিটনের অভিষেকের ম্যাচেই দিল্লির একাদশ থেকে বাদ পড়েন আরেক বাংলাদেশি পেসার
মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে বাজে বোলিং করায় তাকে আজ নেয়নি দিল্লি। এই
ম্যাচের আগে টানা পাঁচ ম্যাচ হেরেছে মুস্তাফিজদের দল। অন্যদিকে, পাঁচ ম্যাচের
মধ্যে মাত্র দুটিতে জেতা কলকাতা জিততে মরিয়া।










