উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ গোলে হেরে বসে চেলসি। করিম বেনজেমার হ্যাটট্রিকে নিজেদের মাঠে বড় লজ্জা পায় ইংলিশ জায়ান্টরা। আজ রাতে দ্বিতীয় লেগের খেলা রিয়ালের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ন্যূনতম ২-০ গোলে জিততে হবে ব্লুজদের। বর্তমান চ্যাম্পিয়নরা তাই অগ্নিপরীক্ষার মুখেই পড়তে যাচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়, সরাসরি দেখাবে সনি টেন।

 

অনবদ্য ফর্মে রয়েছেন বেনজেমা। প্রথম লেগে চেলসিকে একাই গুঁড়িয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার। আজো কি চেলসির দুর্দশা বয়ে আনবেন তিনি?

 

রিয়ালে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছাঁয়ায়। ২০১৮ সালে পর্তুগিজ ফরোয়ার্ড জুভেন্টাসে চলে যাওয়ার পর থেকে প্রতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলে ন্যূনতম ৩০ গোল করেছেন বেনজেমা, যা কিনা আগে ছিল ২০ গোল।

 

বেনজেমা বলেন, যখন আপনি এমন এক খেলোয়াড়ের পাশে খেলেন যে কিনা ৫০-৬০ গোল করেন, তখন আপনি এমনি এমনিই তার সাহায্যকারী হয়ে উঠবেন, কারণ সে অনেক গোল করে। আমাকে খাপ খাইয়ে নিতে হয়েছে, আমি নিয়েছিও। কাজেই, এরপর সবকিছু আমার ওপরই ছিল এবং আমি নিজেকে সামনে এগিয়ে নিয়েছি এবং প্রমাণ করেছি যে আমি ব্যবধান গড়ে দিতে পারি।

 

রোনালদো থাকার সময় এবং চলে যাওয়ার পরে রিয়ালে নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে এমনই উত্তর দেন বেনজেমা।

 

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে বেনজেমার হ্যাটট্রিকেই জিতেছে রিয়াল। এটা ইউরোপে তার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। শেষ ষোলোর দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে তিনি হারিয়ে দেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গড়া পিএসজিকে। আজ আরেকবার বেনজেমার জাদুর অপেক্ষায় থাকবে লস ব্লাঙ্কোস সমর্থকরা।

 

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১১ গোল করেছেন বেনজেমা। ১২ গোল করে তার চেয়ে এগিয়ে শুধু বায়ার্ন মিউনিখের রবার্ট লেভাডভস্কি।

 

দুর্দান্ত ফর্মে থাকা এই বেনজেমা ও রিয়াল মাদ্রিদের পর্বতসম বাধা ডিঙানোর কাজটিকে অনেকটাই অসম্ভব মনে করছেন চেলসি কোচ টমাস টুখেল। তবু স্বপ্ন দেখতে মানা নেই। তার দলও দেখছে। এ জার্মান কোচ বলেন, বার্নাব্যুর মাঠে গিয়ে ভালো করা ফুটবলের অন্যতম বড় চ্যালেঞ্জ। আর আপনি যখন নির্দিষ্ট ফল আশা করে সেখানে খেলতে নামবেন তখন কাজটি হবে আরো কঠিন। ন্যূনতম দুই গোল, কিংবা তার বেশি গোলে জেতার টার্গেটটাই কাজটিকে প্রায় অসম্ভব এবং অনেক অনেক কঠিন করে তুলেছে। তবু চেষ্টা করে যেতে হবে।

 

গতবার এই রিয়ালকে সেমিফাইনাল থেকে বিদায় করেছে চেলসি। সেবার আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজরা ২-০ গোলের জয় তুলে নেয়। শেষ পর্যন্ত ম্যানসিটিকে হারিয়ে শিরোপা উত্সবও করে টুখেলের দল। তবে এবার প্রথম লেগে ঘরের মাঠে বড় ব্যবধানে হেরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে লন্ডন জায়ান্টরা।


 আজ রাতে আরেক ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে খেলবে স্প্যানিশ দল ভিলারিয়ালের বিপক্ষে। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে বাভারিয়ানরা। বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, তার দল দুবার খারাপ খেলতে চায় না।