বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে ইতালিকে বিদায় করে দেয়া নর্থ মেসিডোনিয়া চোখ রাঙাচ্ছিল পর্তুগালকেও। যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর দল ২-০ গোলের সহজ এক জয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। আজ একই ব্যবধানে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে পোল্যান্ড।
পর্তুগালের হয়ে দুটি গোলই করেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ৩২ মিনিটে রোনালদোর পাস থেকে ও ৬৫ মিনিটে দিয়েগো জোতার পাস থেকে গোল করেন তিনি। ফলে পোর্তোয় আজ কোনো অঘটন ঘটাতে পারেনি নর্থ মেসিডোনিয়া। এ নিয়ে টানা ছয় বিশ্বকাপে উত্তীর্ণ হলো পর্তুগাল।
এদিকে ৪৯ মিনিটে রবার্ট লেভানডভস্কির পেনাল্টি গোলে ভর করে লিড নেয় পোলিশরা। ৭২ মিনিটে ব্যবধান ২-০ করে জিয়েলিনস্কি।
উল্লেখ্য, ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা। ফলে রাশিয়ার বিপক্ষে সেমিফাইনাল না খেলেই ফাইনালে ওঠে পোলিশরা, এবার তারা সহজে হারিয়ে দিল সুইডেনকে।
ইউরোপ মহাদেশ থেকে আগে সরাসরি দশ গ্রুপের চ্যাম্পিয়ন দল কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে। এখন প্লে-অফ খেলে টিকিট পাবে আরো তিন দল; যার দুটি আজ নিশ্চিত হলো। যুদ্ধের কারণে স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচটি স্থগিত রয়েছে। এই ম্যাচে যারা জিতবে তারা প্লে-অফের তৃতীয় ফাইনালে খেলবে ওয়েলসের বিপক্ষে।










