আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। সেটাও গড়েছেন ক্রিকেট বিশ্বে বহুল পরিচিত নয় এমন এক দেশের অলরাউন্ডার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মাত্র ৩৩ বলে দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন ইয়ান নিকোল লফটি-ইটন নামের এই অলরাউন্ডার।
২২ বছর বয়সী তরুণ এই বাঁহাতি ব্যাটারের ব্যাটিং ঝড়ের কল্যাণেই স্বাগতিকদের
২০ রানে হারিয়েছে নামিবিয়া। ৩৩ বলে শতক হাঁকানো লফটি-ইটনের ইনিংসটি শেষ হয় ৩৬ বলে ১০১
রান করে।
আজকের এ রেকর্ড গড়া শতকটি তার ক্যারিয়ারের প্রথম শতক। ১০১ রানের ঝোড়ো
ইনিংসটিতে লফটি-ইটন ১১টি চারের সঙ্গে ৮ টি ছক্কা হাঁকান। সেঞ্চুরির পাশাপাশি বল হাতে
২ উইকেট শিকার করে দলে জয়ে অবদান রাখেন তিনি।
এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন লফটি-ইটন। এরপরই তোলেন ঝড় তিনি।
মাত্র ১৮ বলে করেন ফিফটি। ১৯তম ওভারের তৃতীয় বলে ঐরীর বলেই চার মেরে দ্রুততম সেঞ্চুরি
পূর্ণ করেন এ বাঁহাতি ব্যাটার।
চতুর্থ উইকেটে ম্যালান ক্রুগারের সঙ্গে ৫২ বলে ১৩৫ রান যোগ করেন লফটি-ইটন।
যেটি চতুর্থ উইকেটে নামিবিয়ার সর্বোচ্চ। ২০ ওভারে নামিবিয়া তোলে ৪ উইকেটে ২০৬ রান।
ওপেনিংয়ে নামা ক্রুগার অপরাজিত থাকেন ৪৮ বলে ৫৯ রানে।
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের
দখলে। তিনি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন।
লফটি-ইটনের ৩৩ বলের সেঞ্চুরিটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে
তৃতীয় দ্রুততম।










