যাচাই বাছাইয়ের পর বিভিন্ন শর্তের সঙ্গে একমত হয়ে আমেরিকান ধনকুবের টড বোয়েলির নেতৃত্বাধীন ব্যবসায়িক গ্রুপ ইংলিশ ক্লাব চেলসিকে কেনার চুক্তি সম্পন্ন করেছে। আজ (শনিবার) অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি এফসি। এতে ইতি ঘটল রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে ইংলিশ ক্লাবটির দুই দশকের পথচলা।

 

বিবৃতিতে বলা হয়েছে, চেলসি ফুটবল ক্লাব নিশ্চিত করেছে যে, টড বোয়েলির নেতৃত্বে ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার ও হ্যানসজর্গ উইস ক্লাবের নতুন মালিক হতে সম্মত হয়েছেন।

 

ক্লাবটি কিনতে বোয়েলিদের খরচ হচ্ছে ৪২৫ কোটি পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৩৩০ কোটি টাকা। এই টাকার বেশিরভাগ তিনি খরচ করবেন ক্লাবের শেয়ার কিনতে। বাকি অংশ অন্যান্য খাতে বিনিয়োগ করবেন।

 

টড বোয়েলি হচ্ছেন যুক্তরাষ্ট্রের বেসবল দল লস অ্যাঞ্জেলেস ডজার্সের অন্যতম মালিক। এছাড়া হোল্ডিং প্রতিষ্ঠান এলডিরিজ ইন্ডাস্ট্রিজের সহপ্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) দল লস অ্যাঞ্জেলেস লেকার্সেও আংশিক শেয়ার আছে তার। চেলসি কেনার ব্যবসায়িক গ্রুপের মধ্যে থাকা ক্লিয়ারলেক ক্যাপিটাল একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। মার্ক ওয়াল্টার একজন মার্কিন ব্যবসায়ী ও গুগেনহেইম পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা। উইস একজন সুইস বিলিয়নিয়ার।

 

২০০৩ সালের জুনে ব্রিটিশ ব্যবসায়ী কেন ব্যাটস এর কাছ থেকে ১৪০ মিলিয়ন পাউন্ডে ফুটবল ক্লাব চেলসিকে ক্রয় করেন আব্রামোভিচ। কিন্তু সম্প্রতি ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের কারণে যুক্তরাজ্য সরকার নাখোশ হোন দেশটির ওপর। যার কারণে ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ রাশিয়ান ধনকুবের এবং তাদের ব্যবসা-বাণিজ্য যুক্তরাজ্যে নিষিদ্ধ করেন বরিস জনসন সরকার। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সখ্যতার অভিযোগ আনা হয় চেলসির মালিক আব্রামোভিচের বিরুদ্ধে। যার প্রভাব পড়ে এই ধনকুবেরের ব্যবসা-বাণিজ্যে। নিষিদ্ধ হন যুক্তরাজ্যে এবং বিক্রি করতে বাধ্য হন চেলসি। এখন ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ও যুক্তরাজ্য সরকারের অনুমোদন পেলেই আব্রমোভিচ সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শুরু হবে চেলসির সঙ্গে বোয়েলির নতুন অধ্যায়। বিবিবি, চেলসি