উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের লড়াইটা নেমে এসেছে আট দলের মধ্যে।
কোয়ার্টার ফাইনালের উত্তাপ শুরু হচ্ছে আজ।
বাংলাদেশ সময় রাত ১টায় ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে লড়বে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।
একই সময়ে পর্তুগালের ক্লাব বেনফিকার এস্তাদিও দা লুজে স্টেডিয়ামে খেলবে ইংলিশ ক্লাব লিভারপুল।
শেষ ষোলোয় পর্তুগালের স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ম্যানসিটি।
গ্রুপ পর্বে জার্মানির আরবি লাইপজিগ, ক্লাব ব্রুগে ও পিএসজির মতো দলের বিপক্ষে জয়ে পেয়েছিল সিটিজেনরা।
এ মুহূর্তে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলেও তারা শীর্ষে।
সেসঙ্গে এফএ কাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অবস্থান করছে পেপ গার্দিওলার দলটি।
সব মিলে ফুরফুরে মেজাজেই আছে গতবারের রানার্সআপরা।
অ্যাতলেটিকো মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো না হলেও মাদ্রিদ জায়ান্টরা আবার বড় মঞ্চের পরীক্ষিত দল।
তাদের দলে আছেন জোয়াও ফেলিক্স, অ্যাঞ্জেল কোরেয়া ও লুইস সুয়ারেজের মতো তারকা, যারা জ্বলে উঠলে পেপ গার্দিওলার শিষ্যরা পড়বেন কঠিন চ্যালেঞ্জের মুখে।
বড় ম্যাচে গার্দিওলার একাদশ নির্বাচন ও ট্যাকটিকস নিয়ে সমালোচনা আছে।
গতবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোনো হোল্ডিং মিডফিল্ডার ছাড়াই তিনি একাদশ মাঠে নামান, ফলস্বরূপ তার দল হেরে যায় ১-০ গোলে এবং কাছে গিয়েও প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট জেতা হয়নি।
একাদশ নির্বাচনে অতিরিক্ত চিন্তাভাবনা করার অভিযোগের জবাবে তিনি বলেন, চ্যাম্পিয়নস লিগে আমি সব সময়ই বেশি চিন্তাভাবনা করি।
এটা করতে আমি ভালোবাসি, অতীতে চ্যাম্পিয়নস লিগে এভাবেই আমি ভালো ফল পেয়েছি।
একভাবে খেলালেই বরং আপনার কাছে একঘেয়েমি লাগবে।
মানুষ যাই ভাবুক না কেন, আমি লিভারপুল ও অ্যাতলেটিকোর বিপক্ষে দলকে একইভাবে খেলাব না, কারণ দুই দলের খেলোয়াড় ভিন্ন, তাদের মুভমেন্টও ভিন্ন হয়।
এ কারণে আমি এ নিয়ে বেশি ভাবি এবং ‘নির্বোধ’ ট্যাকটিকস তৈরি করি।
তিনি আরো বলেন, আমি সব সময়ই নতুন ট্যাকটিকস ও ধারণা নিয়ে আসি, অ্যাতলেটিকো ম্যাচে আপনারা নতুন এক ট্যাকটিকস দেখবেন।
এদিকে দারুণ ছন্দে থাকা লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়ছে সমান তালে।
এরই মধ্যে জিতে নিয়েছে লিগ কাপ শিরোপা। অন্য প্রতিযোগিতাগুলোয়ও ছুটছে। এ মৌসুমে চারটি শিরোপা জয়ের হাতছানি অল রেডদের সামনে। উজ্জীবিত দলটি শেষ ষোলোয় ইন্টার মিলানকে, গ্রুপ পর্বে এসি মিলান, পোর্তো ও অ্যাতলেটিকোর বিপক্ষে জয় পায়। বেনফিকার বিপক্ষে সালাহ-মানেরা তাই বেশ এগিয়ে থেকেই মাঠে নামবেন।
লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক আজকের ম্যাচ নিয়ে বলেছেন, আমাদের ঠিক উপভোগ করতে হবে, লিসবনে যেতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে। যদি না পারি, তবে আমাদের পরবর্তী মৌসুমে চেষ্টা করতে হবে। এটা মনে রাখতে হবে, প্রতিপক্ষ যেই হোক, কোনো কিছুই নিশ্চিত নয়।










