ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত দ্বৈরথ এল ক্ল্যাসিকোর ২৫০তম লড়াই আজ। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে এই মহাদ্বৈরথে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
দুই দলের চির দ্বৈরথ বলে এ ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। তার ওপর যোগ হচ্ছে টেবিলের অবস্থান। এ মুহূর্তে ৮ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা শুধু গোল ব্যবধানে পিছিয়ে। বার্সার গোল গড় +১৯, রিয়ালের +১২। আজ তাই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই পরাশক্তি।
রিয়ালের বিপক্ষে ছয় ম্যাচ জয়হীন থাকার পর গত মৌসুমে ৪-০ গোলের জয় তুলে নেয় বার্সা। যদিও পরিশেষে ৩৫তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে রিয়ালই। পরে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ১৪তম শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।
গত মৌসুমে শিরোপাহীন কাটানোর পর এবার আশায় বুক বেঁধে আছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ১৫ কোটি ইউরো খরচ করে দল গোছানো কাতালানরা ২৭তম লিগ শিরোপা জয়ের মিশনে নেমেছে। আর ২০০৬-০৮ সময়ের পর আবারো ব্যাক-টু-ব্যাক লিগ শিরোপা জয়ের সুযোগ রিয়ালের সামনে। সেই সঙ্গে তারা ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিততে চাইবে।
বার্নাব্যুতে আজকের লড়াইটা শিরোপাপ্রত্যাশী হিসেবে বার্সেলোনার জন্য একটি অগ্নিপরীক্ষারও। তাদের সামর্থ্যের প্রমাণও হয়ে যাবে অনেকটা। আর গত বুধবার ইন্টারের সঙ্গে ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোও জাভির শিষ্যদের জন্য অত্যন্ত জরুরি।
প্রতিযোগিতামূলক ফুটবলে ২৪৯ ম্যাচে মুখোমুখি হয়ে রিয়াল সর্বোচ্চ ১০০টি ও বার্সা ৯৭টিতে জিতেছে। লা লিগায় এটি দু দলের ১৮৫তম লড়াই; যাতে রিয়াল ৭৬টি জয় নিয়ে এগিয়ে, বার্সা জিতেছে ৭৩টি। আর প্রদর্শনীসহ মোট ২৮৩ ম্যাচে মুখোমুখি হয় স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যাতে ১১৭টি জয় নিয়ে এগিয়ে রয়েছে কাতালানরা, রিয়ালের জয় ১০৪টি।










