মেলবোর্নে আজ পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়ায় ক্রিকেটের কিংবদন্তি শেন
ওয়ার্নকে শেষ বিদায় জানান তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও স্বজনেরা।
স্পিন রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় ৮০ জনের মতো অতিথির সঙ্গে যোগ দেন
ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার এবং তার বাবা কিথ ও মা ব্রিজেত্তে।
এছাড়া ক্রিকেট বিশ্বের খ্যাতিমান তারকাদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার
সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বর্ডার,
মাইকেল ক্লার্ক
এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এছাড়া বোলিং গ্রেট মার্ভ হিউ ও গ্লেন
ম্যাকগ্রা এবং ওয়ার্নের দীর্ঘদিনের সতীর্থ মার্ক ওয়াহ ও ইয়ান হিলিও ছিলেন এই
অনুষ্ঠানে।
শেন ওয়ার্নকে নিয়ে সংশাপত্র পাঠ করে শোনান তার ঘনিষ্ট বন্ধু এডি
ম্যাকগায়ার।
সেন্ট কিলডা ফুটবল ক্লাবের সঙ্গে শেন ওয়ার্নের ছিল দীর্ঘ যোগ। সেই
সূত্রে অন্ত্যেষ্টিক্রিয়ায় আগত অতিথিদের প্রত্যেককেই ক্লাবটির একটি করে স্কার্ফ
পরতে দেয়া হয় এবং ওয়ার্নের কফিনের ওপরও একটি স্কার্ফ আড়াআড়িভাবে রাখা হয়।
শ্যাম্পেইন টোস্টের পরই দেয়া হয় ল্যাপ অব অনার। ম্যাকগায়ার গলা ফাটিয়ে বলছিলেন, ওয়ার্নির প্রতি। সে ছিল সেরা।
গত ৪ মার্চ থাই পর্যটন দ্বীপ কোহ সামুইতে নিজ বাসভবনে মারা যান ওয়ার্ন।
আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্নের প্রতি রাষ্ট্রীয়
সম্মাননা জানানো হবে। সেখানে আরো বিপুল সংখ্যক মানুষ প্রিয় এই ক্রিকেটারকে শেষ
শ্রদ্ধা জানাতে পারবেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ স্ট্যান্ডের নামকরণ
হবে কিংবদন্তি স্পিনারের নামে।










