মেয়েদের আইপিএল উইমেন্স টি-২০ চ্যালেঞ্জে দ্বিতীয়বারের মতো খেলবেন বাংলাদেশের সালমা খাতুন। ২৩ মে পুনেতে শুরু হবে ২০ ওভারের এই প্রতিযোগিতা। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন টাইগ্রেস অলরাউন্ডার। তবে সালমা কোন দলে খেলবেন, তা এখনো জানা যায়নি।

 

এবারের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জে সালমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান তাওহিদ মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সালমা ডাক পেয়েছেন। এটা আমাদের জন্য গর্বের। তাকে অনাপত্তিপত্রও দেয়া হয়েছে।

 

তিন দলের এই প্রতিযোগিতা শুরু হবে চলতি ২৩ মে, শেষ হবে ২৮ মে। সর্বমোট ম্যাচ ৪টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

 

২০১৮ সালে উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ নামে পরীক্ষামূলক টুর্নামেন্ট শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ট্রেইলব্লেজারস ও সুপারনোভাস দুই দল নিয়ে প্রথম আসর অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে এই দুই দলের সঙ্গে যোগ করা হয় ভেলোসিটিকে। ২০১৯ ও ২০২০ আসরে ভেলোসিটির হয়ে খেলেছেন বাংলাদেশের জাহানারা আলম।

 

প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস। আর ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্লেজারস। চ্যাম্পিয়ন দলটির হয়ে খেলেছিলেন বাংলাদেশের সালমা।