গোয়ালিয়রে ভারতীয় দলে দুজনের অভিষেক ঘটলেও কর্তৃত্ব করে বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিকরা। ১২৮ রানের টার্গেট ১২ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে সূর্যকুমার যাদবের দল। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ভারতীয় দলে অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি ছাড়া বাকি সবাই ১৫০ বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অন্যদিকে, বাংলাদেশ এই ফরম্যাটের চির ট্রমা কাটাতেই পারছে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো ম্যাচ শেষে স্বীকারই করে নিলেন, তাদের ব্যাটাররা জানেই না কীভাবে ১৮০ রান তুলতে হয়। কারণ, তারা ঘরের মাঠে ১৪০-১৫০ রানের পিচে খেলে থাকেন। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ট্রমা কাটিয়ে আজ বড় সংগ্রহ গড়া কিংবা তাড়া করার চ্যালেঞ্জ নিতে হবে।
মাহমুদউল্লার বিদায়ী সিরিজ এটা। তিনি ঘোষণা দিয়েছেন দিল্লি ও হায়দরাবাদে খেলেই টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন। তিনি যেমন বিদায়ী সিরিজটা রাঙাত চাইবেন, তেমনি সতীর্থরাও তাকে বিদায়ী উপহার দিতে মরিয়া। তবে এজন্য বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে হবে তাদেরই দূর্গে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫ বারের দেখায় মাত্র একবার ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। উড়তে থাকা ভারতীয় দলকে থামাতে চাইলে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে শান্তদের।










