সবশেষ ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর ম্যাচ জিতেছিল মেসির ইন্টার মায়ামি। এর পর থেকেই অধরা জয়ের
খোঁজে ছিল দলটি। ঘরের মাঠে টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর টানা ১২ ম্যাচে
জয় বঞ্চিত ছিল তারা। অবশেষে এ অচলাবস্থার অবসান হলো। প্রায় ১৩৬ দিন পর জয়ের দেখা পেলেন মেসি-সুয়ারেজবিহীন মায়ামি।
রোববার
(৪ ফেব্রুয়ারি) হংকং একাদশকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে মেসি-সুয়ারেজবিহীন মায়ামি।
ম্যাচের
৪০ মিনিটে রবার্ট টেইলরের গোলে লিড পায় ইন্টার মায়ামি। তবে তাদের লিডে বেশিক্ষণ থাকতে
দেয়নি হংকং একাদশ। ৪৩ মিনিটে হেনরি আনিয়েরের গোলে ফেরে সমতা। এতে ১-১ গোলের সমতা নিয়ে
বিরতিতে যায় উভয় দল।
বিরতির পর অবশ্য খেই হারায় হংকং একাদশ। তাদের ওপর প্রভাব বিস্তার করে খেলে এ অর্ধে তিন-তিনটি গোল আদায় করে নেয় মেজর লিগ সকারের দলটি।
৫০ মিনিটে লওসন কনারি সান্ডারল্যান্ডের গোলে আবার এগিয়ে যায় মায়ামি ২-১। ৫৬ মিনিটে লিওনার্দো কাম্পানা গোল করে ব্যবধান করে ফেলেন ৩-১। আর শেষ মুহূর্তে ৮৫ মিনিটে রায়ান সেইলরের গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজদের মায়ামি। তবে এ ম্যাচে অবশ্য খেলেননি মেসি ও সুয়ারেজ।










