স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপ ক্রিকেট টি২০-এর প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা হলো বাংলাদেশের নারীদের। থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিলেন তারা।

আজ শনিবার সকালে উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় থাইল্যান্ড। এরপর ব্যাট হাতে মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। বাংলাদেশের স্পিনের জাদুতে আটকে যায় ৮২ রানে।

৮৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে থাই বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশের ব্যাটাররা। উদ্বোধনী জুটির শামীমা সুলতানা একাই ৩০ বল খেলে ১০ চারে ৪৯ রান করেন।

পুথাওয়াংয়ের বলে লেগ বিফোর আউট হন শামীমা। এটিই ছিল বাংলাদেশের একমাত্র হারানো উইকেট। এরপর ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ২৬ রান করেন ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ১১ বলে আসে ১০ রান।

এ দিকে থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাত্থাকান ছানথামের ব্যাট থেকে আসে ২০ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নেন নাহিদা, সানজিদা ও সোহেলী আক্তার।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেন সালমারা।