ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক খেলোয়াড় দানি আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। একইসঙ্গে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

কাতালুনিয়ার আদালত রায়ে বলেছেন, 'ভুক্তভোগীর সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।' 

আলভেসের বিরুদ্ধে নাইটক্লাবের ভিআইপি গ্রাউন্ডের একটি টয়লেটে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০২২ সালের ডিসেম্বরে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন আলভেজ।

২০২৩ সাল থেকে চলমান এই বিচার প্রক্রিয়ায় আলভেজ অসংখ্যবার তার বক্তব্য পরিবর্তন করেছেন। শুরুতে ভিকটিমকে তিনি চেনেন না দাবি করলেও পরবর্তীতে তিনি বলেন, ভিকটিমের সঙ্গে তার একটি টয়লেটে দেখা হয়েছিল। তখন তিনি ভিকটিমকে প্রলুব্ধ করার চেষ্টা করলেও এর বেশি কিছুই ঘটেনি।

কিছুদিন পরে তিনি আবার বলেন, ভিকটিমের সম্মতিক্রমে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। এ সময় ভিকটিমকে ইঙ্গিত করে তিনি এটাও বলেছিলেন যে,  ‘আমরা দুজনেই ব্যাপারটি উপভোগ করছিলাম।’

তবে স্পেনের আদালত এক বিবৃতিতে জানায়, ভিকটিমের সাক্ষ্য ছাড়াও অন্যান্য তথ্য-প্রামাণ বিবেচনায় আলভেজ দোষী বলে বিবেচিত হয়েছে।