নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলা শুরু হয়।
এই ম্যাচে সাকিব আল হাসান না খেলায় টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।
শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে ব্যাট হাতে মাঠে পাঠায় বাংলাদেশ। ২০ ওভার খেলে পাকিস্তান ১৬৭ রানে নিজেদের ইনিংস শেষ করে। এ সময় তারা ৫ উইকেট হারায়।
পাকিস্তানের পক্ষে অপরাজিত থেকে মোহাম্মদ রিজওয়ান ৫০ বল খরচ করে সর্বোচ্চ ৭৮ রান নেন। শান মাসউদ ২২ বলে নেন ৩১ রান। এ ছাড়া বাবর আজমের ব্যাট থেকে আসে ২২ রান।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ সর্বোচ্চ ২ উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছে হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মেহিদি হাসান।
ভিসা ও ফ্লাইট জটিলতা কাটিয়ে আগের দিন বাংলাদেশ দলে যোগ দেন সাকিব আল হাসান। পরে জানা যায়, একাদশে রাখা হয়নি তাকে।










