বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার পিটার মুর। জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২১টি টি২০ ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী উইকেটকিপার ও ব্যাটার। তিনি সর্বশেষ জিম্বাবুয়ের জার্সিতে খেলেন ২০১৯ সালের অক্টোবরে। নিয়ম অনুযায়ী, সর্বশেষ ম্যাচ খেলার তিন বছর পর অন্য কোনো জাতীয় দলের হয়ে খেলার যোগ্য বিবেচিত হন। গত বছর অক্টোবরে তিনি আইরিশ জাতীয় দলে খেলার ‘যোগ্য’ হলেও জিম্বাবুয়ে সফরে তাকে নেয়া হয়নি। অবশেষে তিনি ডাক পেলেন আয়ারল্যান্ড দলে।
আয়ারল্যান্ড কোচ হেইনরিখ মালান এ নিয়ে বলেন, ‘সে (মুর) বাংলাদেশে টেস্ট ক্রিকেট খেলেছে বলে মিডল অর্ডারে আমাদের কিছু অভিজ্ঞতা এনে দিতে পারবে। অতীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বলে তার মেধা ও অভিজ্ঞতা দিয়ে আমাদের ড্রেসিংরুমকে সাহায্য করতে পারবে।’
১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ ও একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ২০১৯ সালের পর এ প্রথম টেস্ট খেলতে নামছে আইরিশরা। সর্বশেষ লর্ডসে তারা টেস্ট খেলে ইংল্যান্ডের বিপক্ষে। আইরিশরা সব মিলিয়ে তিনটি টেস্ট খেলেছে। বাকি দুটি টেস্ট তারা খেলেছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে।
এদিকে, অভিজ্ঞ পল স্টার্লিংকে টেস্ট স্কোয়াডে রাখেনি আয়ারল্যান্ড। যদিও অ্যান্ডি বলবির্নির অনুপস্থিতিতে শ্রীলংকায় ওয়ানডে সিরিজে তিনি দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজে ও শ্রীলংকা টেস্ট সিরিজে নেতৃত্ব দিলেও ওয়ানডে সিরিজে থাকবেন না বলবির্নি।










