বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আর রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। আজ শুক্রবারের ড্রতে এমনই ভাগ্য নির্ধারণ হয়েছে দুই দলের।
আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি খেলবে স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে, ইউরোপিয়ান জায়ান্ট লিভারপুল সামনে পেয়েছে পর্তুগালের বেনফিকাকে ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্পেনের ভিলারিয়াল।
সেমিফাইনালে মুখোমুখি হতে পারে গত আসরের ফাইনালিস্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি কিংবা হতে পারে রিয়াল ও অ্যাতলেটিকোর মধ্যে মাদ্রিদ ডার্বি। অন্য সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের, যদি শেষ আটে কোনো অঘটন না হয়।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৫-৬ এপ্রিল ও ১২-১৩ এপ্রিল, আর সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৩ ও ৪ মে।
২৮ মে প্যারিসের স্টাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে ফাইনাল সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে প্যারিসে নেয়া হয়।
এদিকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে জার্মান ক্লাব এনট্র্যাখট ফ্রাংকফুর্টের বিপক্ষে। জার্মানির আরেক দল আরবি লিপজিগ মুখোমুখি হবে ইতালির আটালান্টার। এছাড়া ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম খেলবে লিওঁর বিপক্ষে, আর পর্তুগিজ দল স্পোর্টিং ব্রাহার প্রতিপক্ষ স্কটল্যান্ডের রেঞ্জার্স।










