দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের কাছে পাত্তাই পায়নি প্রোটিয়ারা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বড় সংগ্রহের পথে ওপেনার ড্যানি উইয়াট ১২৯ রান করে অবদান রাখেন। ক্যারিয়ারের দ্বিতীয় শতক করতে ১২টি চার ও ১২৫ বল খেলেন ইংলিশ ব্যাটার। এছাড়া সোফি ডাঙ্কলির ৬০ ও অ্যামি জোনসের ২৮ রানে ভর করে ২৯৩ রানের পুঁজি পায় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে শবনিম ইসমাইল ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়েট।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। স্পিনার সোফি একলেস্টনের ঘূর্ণিতে প্রোটিয়ারা দাঁড়াতেই পারেনি। ৮ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৬টি উইকেট নেন এই ইংলিশ বোলার।

দক্ষিণ আফ্রিকার হয়ে মিগনন ডু প্রিজ সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া লারা গুডাল ২৮, সুনে লুস ২১ ও মারিয়ানে ক্যাপ ২১ রান করেন।

আগামী রোববার ক্রাইস্টচার্চে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। যারা ওয়েস্ট ইন্ডজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় সকাল ৭টায় ফাইনাল মাচটি শুরু হবে। নারী বিশ্বকাপে আগের ১১ আসরে ১০ বারই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে অজি নারীরা ছয়বার ও ইংলিশরা চারবার শিরোপা উত্সব করেছে।