ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে জাতীয় দলকে উপেক্ষা করার ঘটনা সম্প্রতি অহরহ ঘটছে। এবার এমন আরেকটি ঘটনা ঘটল ক্রিকেটের ভদ্র দেশ নিউজিল্যান্ডে। আগেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রতিশ্রুতি দিয়ে রাখায় নিজ দেশের বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন অলরাউন্ডার জিমি নিশাম।
নিশামের ঘটনা অবশ্য একটু আলাদা। আগে ঘোষিত চুক্তিতে তাকে রাখা হয়নি। পরে জায়গা ফাঁকা হওয়ায় তাকে আবার প্রস্তাব দেয়া হয়। কিন্তু ততদিনে নিশাম নাম লিখিয়ে ফেলেছেন নানা ফ্র্যাঞ্চাইজি লিগে।
তবে চুক্তিতে না থাকলেও জাতীয় দলে নিয়মিত খেলে যেতে চান নিশাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার। তিনি বলেছেন, জানি, আমার কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার খবরটিকে এমনভাবে দেখা হবে যেন দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আমি বেছে নিয়েছি টাকা। তবে বাস্তবতা হলো গত জুলাইয়ে আমার পরিকল্পনা ছিল যে বোর্ডের চুক্তি গ্রহণ করব। আমাকে তখন চুক্তিতে রাখা হয়নি। আমি তাই বিশ্বজুড়ে নানা লিগে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গিয়েছি।










