আবারো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এ নিয়ে দ্বিতীয়বার টাইগারদের কোচ হলেন তিনি। গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকায় পা রাখেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এই লঙ্কান কোচ। আগামীকাল নেমে পড়বেন আসল কাজে, কোচিং শুরু হবে সাকিব, তামিমদের। 

গত ৩১ জানুয়ারি পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো। এরপরই হাথুরুসিংহেকে নিয়ে আসার ঘোষণা দেয় বিসিবি। এটা বাংলাদেশে তার দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন তিনি। তবে শেষটা ভালো হয়নি। শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নেবেন বলে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। এরপরও হাথুরুর শরণাপন্ন হলো বিসিবি মূলত কোচ হিসেবে তার উচ্চ দক্ষতার কারণেই। 

তার প্রথম এসাইনমেন্ট ইংল্যান্ড সিরিজ। সমান তিনটি করে ওয়ানডে আর টি২০ ম্যাচের সিরিজ শুরু ১ মার্চ। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ। এ বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ওই আসর সামনে রেখেই মূলত হাথুরুসিংহেকে নিয়ে আসা। 

এরই মধ্যে হাথুরুর ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ দলের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শ্রীলঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনসহ আরো অনেকে।