বিশ্বকাপে বিদায়ের প্রহর গোনা ইংল্যান্ড আজ আহমেদাবাদে অস্ট্রেলিয়াকে ২৮৬ রানে অলআউট করার কৃতিত্ব দেখিয়েছে।

৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হারের পর টানা চার ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে। টেবিলের তিন ও দশ নম্বর দলের লড়াই হলেও এই ম্যাচে মূলত ফিরে আসে দুই দলের চিরপ্রতিদ্বন্দ্বিতার এক আমেজ। আগের ম্যাচগুলোর মতো তাই মারকাটারি ব্যাটিংয়ে রানের সৌধ গড়া হয়নি অজিদের। ইংলিশদের জমাট বোলিংয়ের মুখে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারায় তারা।

২৮ রানের মধ্যে দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে হারিয়ে বিপাকে পড়া অজিরা মার্নুস লাবুশেন (৮৩ বলে ৭১) ও স্টিভেন স্মিথের (৫২ বলে ৪৪) ব্যাটে ভর করে স্থিতি আনে। এরপর শেষ দিকে ক্যামেরন গ্রিন (৫২ বলে ৪৭) ও মার্কাস স্টয়নিসের (৩২ বলে ৩৫) ব্যাটে ভর করে ২৮৬ রান তুলতে সমর্থ হয়।

আজ অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। দুই ওপেনারসহ ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া স্পিনার আদিল রশিদ মাত্র ৩৮ রানের বিনিময়ে দুটি ও পেসার মার্ক উড ৭০ রানে দুটি উইকেট নেন। ডেভিড উইলি ও লিয়াম লিভিংস্টোনের শিকার একটি করে উইকেট।