ইংলিশ প্রিমিয়ার
লিগের ৩৩তম মৌসুম শুরু শুক্রবার। ২০২৪-২৫ মৌসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার
ইউনাইটেড ও ফুলহ্যাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এখন পর্যন্ত
৬১ ম্যাচের মুখোমুখিতে ম্যানইউ ৪১টি ও ফুলহ্যাম ৮টি জিতেছে, ড্র হয় বাকি ১২টি ম্যাচ।
ফুলহ্যামের সঙ্গে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি হেরেছে রেড ডেভিলরা।
গত মৌসুমে দুই লেগে ম্যানইউ জিতেছে যথাক্রমে ১-০ ও ২-১ গোলের ব্যবধানে।
সম্প্রতি ম্যানচেস্টার
সিটির কাছে কমিউনিটি শিল্ড হেরে মৌসুম শুরু করেছে ম্যানইউ। এরিক টেন হ্যাগের দল আজ
প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে। ১৪৬ বছরের পুরনো এই ক্লাবটি ইংল্যান্ডের সফলতম। যদিও
২০১৩ সালের পর তারা ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি।
৩২ আসরের মধ্যে
সর্বোচ্চ ১৩ বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানইউ। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের
পর ম্যানইউর গৌরবও ম্লান হতে থাকে। ২০১৩ সালের পর শিরোপা জিততে না পারাই তার সাক্ষ্য
দেয়।
দ্বিতীয় সর্বোচ্চ
আটবার ম্যানচেস্টার সিটি, পাঁচবার চেলসি, তিনবার আর্সেনাল এবং লিভারপুল, ব্ল্যাকবার্ন
ও লেস্টার সিটি একবার করে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে।
ইংল্যান্ডের
ফুটবলে শীর্ষ লিগ শিরোপা জয়েও এগিয়ে ম্যানইউ। তারা মোট ২০টি শিরোপা জিতেছে। এছাড়া দ্বিতীয়
সর্বোচ্চ ১৯টি শিরোপা জিতেছে লিভারপুল। এরপর আর্সেনাল (১৩টি), ম্যানসিটি (১০টি), এভারটন
(৯টি), অ্যাস্টন ভিলা (৭টি), সান্ডারল্যান্ড (৬টি) ও চেলসি (৬টি)।
এদিকে, ম্যানইউর
সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তার চুক্তির মেয়াদ
২০২৭ সাল পর্যন্ত। রেড ডেভিলদের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন ফার্নান্দেজ,
অ্যাসিস্ট করেন আরো ৬৭ গোলে। ২০২০ সালের জানুয়ারিতে পর্তুগালের স্পোর্টিং লিসবন থেকে
৪৭ মিলিয়ন পাউন্ডে তাকে দলভুক্ত করে ম্যানইউ। ২০২৩ সালের জুলাই মাসে হ্যারি মাগুইয়ারের
জায়গায় তাকে অধিনায়কের দায়িত্ব দেয় ম্যানইউ। গত মৌসুমে অষ্টম হওয়া ম্যানইউকে এবার টেনে
তুলতে পারবেন কি ফার্নান্দেজ ও তার সতীর্থরা?
এদিকে, শুক্রবার রাতে শুরু হয়ে গেছে স্প্যানিশ লা লিগা।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় দল প্রথম দিন মাঠে ছিল না। আগামীকাল বার্সেলোনা
খেলবে ভ্যালেন্সিয়ার মাঠে, পরদিন বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে মায়োর্কার
মাঠে।










