শ্রীলংকাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করার পর গতকাল দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে তুমুল লড়াই শেষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে চার দলের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে আফঈদা খন্দকারের দল।

সিনহা জাহান শিখা ও মোসাম্মৎ সাগরিকার গোলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। সাগরিকা আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। যদিও গতকাল দ্বিতীয়ার্ধে ম্যাচ জমিয়ে দেয় নেপালি মেয়েরা। তারা ৭৮ ও ৮৭ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে। বাংলাদেশ যখন চরম উৎকণ্ঠায় তখন যোগ করা সময়ের সপ্তম মিনিটে তৃষ্ণা রানীর গোলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। উমেলা মারমার ক্রস থেকে বল পেয়ে গোল করেন তিনি। উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা। এতে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় লাল-সবুজদের।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে হাতাহাতিতে জড়ান বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। শাস্তি হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন দুজনই। ফলে দুই দলই ম্যাচের বাকি সময়টা খেলে ১০ জন নিয়ে। সাগরিকা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর বাংলাদেশের আক্রমণভাগ খানিকটা ঝিমিয়ে পড়ে। এতে অল্প সময়ের ব্যবধানে দুটো গোল খেয়ে বসে বাংলাদেশ। এরপরও জিতেছে পিটার বাটলারের দল।

দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করেছে বাংলাদেশ।