প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে হেরেছে বড় ব্যবধানে। এরপর পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেলেও ফের হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৭৪ রান তাড়া করতে নেমে তারা গুটিয়ে গেছে মাত্র ৩৯ রানে। আর তাতেই বিশ্বকাপে সবচেয়ে কম রানে আলআউট হওয়ার লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। তাদের মতোই ৩৯ রানে অলআউট হওয়ার লজ্জা আছে নেদারল্যান্ডসেরও। ওয়েস্ট ইন্ডিজ আজ জিতেছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে।

 

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের ওয়েস্ট ইন্ডিজের আজকের জয়টি রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথমে আছে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকার ১৭২ রানের জয়টি।

 

রোববার প্রভিডেন্সে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে গিয়ে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয়ে গেছে উগান্ডা। স্পিনার আকিল হোসেন একাই নেন ৫ উইকেট।

 

এর আগে,  টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ৮ বলে ১৩ রান করা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আলপেস রমজানি। তিন নম্বরে খেলতে নামা নিকোলাস পুরান ফেরেন ব্রায়ান মাসাবাকে ফিরতি ক্যাচ দিয়ে। কোনো ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ বড় করতে না পারলেও ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে ক্যারিবীয়রা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার জনসন চার্লসের ব্যাটে।

 

উগান্ডার হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন ব্রায়ান মাসাবা।