প্লে-অফে খেলা আগেই নিশ্চিত করা সিলেট স্ট্রাইকার্স আজ বিপিএলের প্রথম কোয়ালিয়ার ম্যাচের টিকিটও হাতে পেল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তারা ৬ উইকেটে খুলনা টাইগার্সকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করেছে। বড় কোনো অঘটন না ঘটলে রাউন্ড রবিন লিগ শেষে তারাই থাকবে এক নম্বরে।

 

১২ ম্যাচ শেষে সিলেটের সংগ্রহ ১৮ পয়েন্ট (+০.৭৩৭)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে (+০.৪৬৬), ফরচুন বরিশাল ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে (+০.৬২৪) ও রংপুর রাইডার্স ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে (+০.৩৮৮) অবস্থান করছে। বরিশালের পক্ষে সিলেটকে আর ধরা সম্ভব নয়। এখন কুমিল্লা ও রংপুর নাটকীয় কিছু করতে না পারলে সিলেটই শীর্ষস্থান নিয়ে যাবে প্লে-অফে।

 

আজ রাতের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর। এটা চট্টগ্রামের শেষ ম্যাচ। রংপুরের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বড় জয়ে কুমিল্লাকে টপকে দুইয়ে ওঠার সুযোগ তাদের সামনে। অবশ্য আজ না পারলেও শুক্রবার আরেকটি সুযোগ পাবে রংপুর। সেদিন কুমিল্লার মুখোমুখি হবে দলটি। আজ যদি রংপুর জিতে যায়, তবে শুক্রবার কুমিল্লার সঙ্গে তাদের ম্যাচটি রূপ নেবে নকআউটে, মানে জিতলেই কোয়ালিয়ার ম্যাচের টিকিট।

 

টেবিলের তিন ও চার নম্বর দল রোববার দুপুরে এলিমিনেটর ম্যাচ খেলবে, হারলেই বিদায়, জিতলে সুযোগ থাকবে। সেদিন সন্ধ্যায় টেবিলের এক ও দুই নম্বর দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে, যাতে জিতলেই ফাইনাল। আর হারলে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। এলিমিনেটর ম্যাচের বিজয়ী আর কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে।

 

আজ লো স্কোরিং ম্যাচে ৮ উইকেটে ১১৩ রান তুলতে সমর্থ হয় খুলনা। পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম ১০ রানে দুটি, তানজিব হাসান সাকিব ২২ রানে তিনটি ও রুবেল হোসেন ২৪ রানে দুটি উইকেট নেন। খুলনার মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৪১ রান করেন ৪১ বলের মোকাবেলায়।

 

রান তাড়া করতে নেমে ১০ রানের মধ্যে ইনফর্ম তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় সিলেট। যদিও এরপর ৯০ রানের জুটিতে সিলেটকে বিপদমুক্ত করেন জাকির হাসান  মুশফিকুর রহিম। জাকির ৪৬ বলে ৫০ ও মুশফিক ৩৫ বলে ৩৯ রান করে জিতিয়েছেন সিলেটকে। ম্যাচসেরা ইমাদ ওয়াসিম।