ফিফা ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারের পর লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে হাভিয়ের কাবরেরার দল। গত বৃহস্পতিবার রাতে নিরপেক্ষ ভেন্যু কুয়েত সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে ফিলিস্তিনের কাছে। প্রথমার্ধে ভালো খেলেও পরে খেই হারিয়ে ফেলেন জামাল ভূঁইয়ারা।

২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।

‘আই’ গ্রুপে ৩ ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন দুইয়ে ও তিনে থাকা লেবাননের পয়েন্ট ২। আর বাংলাদশে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। দ্বিতীয় রাউন্ডে মোট ৯টি গ্রুপে ৩৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ও এশিয়ান কাপের টিকিট পাবে। আর তিন ও চারে থাকা দল দুটি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উঠবে।

ফিলিস্তিনের কাছে বড় হার শেষে বিমর্ষ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘ফলের দিক থেকে এটা আমাদের জন্য বেশ কঠিন (মেনে নেয়া)। ম্যাচের শুরুর ৪০ মিনিট আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছি, ফিলিস্তিনের মতো খুবই শক্তিশালী দলের বিপক্ষে ফেস টু ফেস লড়াই করেছি। কিন্তু প্রথমার্ধের শেষে আমাদের খেলার মান পড়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে মান অনেক বেশি পড়ে যায় এবং আমি মনে করি, সেটার সঙ্গে মানিয়ে নেয়া দলের জন্য খুব কঠিন ছিল।’

দ্বিতীয়ার্ধ নিয়ে তিনি বলে, ‘দ্বিতীয়ার্ধের শুরুতে হঠাৎ করে আমরা আরো দুই গোল খেয়ে বসলাম, তাতে দলের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে আমরা স্রেফ উড়ে গেছি এবং সত্যি বলতে এটাই বাস্তবতা। কী হলো, তা এখন বিশ্লেষণ করতে হবে এবং এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে হবে, উন্নতি করতে হবে।’

কাবরেরা আরো বলেন, ‘সত্যি বলতে, এ ম্যাচের ফল বড় বিষয় নয়। ৪০ মিনিট যে পারফর্ম আমরা করেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখার সামর্থ্য কেন আমাদের নেই, কেন আমরা ওই ভুলগুলো করেছি, যে প্রাণশক্তি নিয়ে ম্যাচ শুরু করেছিলাম, সেটা হারানোর পর কেন ফিরে পেলাম না, আমাদের এগুলো বিশ্লেষণ করতে হবে। তাই আমার কাছে ৪-০, ৫-০, ৬-০ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।’

প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করেন সোহেল রানা জুনিয়র। ২৭তম মিনিটে ওই গোলটি পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তবে কারো সমালোচনা না করে কাবরেরা মঙ্গলবারের ফিরতি লেগ নিয়েই ভাবতে চান। তিনি বলেন, ‘আমি মনে করি না, প্রথমার্ধে আমরা যেটা করেছি তার জন্য নির্দিষ্ট কেউ দায়ী। আমরা একটা দল হয়ে খেলেছি এবং আমাদের সেভাবেই নিজেদের দিকে তাকাতে হবে। এখন আমাদের কেবল পরের ম্যাচের জন্য নয়, বছরের বাকি সময়ের জন্যও ভালো দল হয়ে ওঠার পথ খুঁজে বের করতে হবে।’