উইমেন্স টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারানোর পরদিন আজ ইউরোপের আরেক দেশ স্কটল্যান্ডকেও গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবিতে নিগার সুলতানাদের জয় আজ ৬ উইকেটের।

 

বাংলাদেশের ঘূর্ণি বলে বিভ্রান্ত স্কটিশরা ১৯.৩ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। অফস্পিনার সোহেলি আক্তার ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। এছাড়া স্পিনার নাহিদা আক্তার দুটি, সালমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা একটি করে উইকেট নেন।

 

এরপর নিগার সুলতানার ব্যাটে ভর করে ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৩ বলে ৩৪ রান করেন নিগার, যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করে ম্যাচসেরা হন। আজ ম্যাচসেরা সোহেলি। 

 

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সমান দুই পয়েন্ট করে। আইরিশরা আজ হারায় যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, আরব আমিরাত ও জিম্বাবুয়ে।

 

বুধবার গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।

 

গ্রুপ পর্ব শেষে স্থান নির্ধারণী প্লে-অফ, সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে জায়গা করে নেয়া দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। বাছাই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও টলারেন্স ওভালে।

 

আগামী বছর অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা। বাছাইপর্ব পেরিয়ে তাদের সঙ্গে যোগ দেবে দুটি দল। আগামী বছর ৯ থেকে ২৬ ফেব্রুয়ারি বসবে টি২০ বিশ্বকাপ আসর।