দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জুলাই মাসে শ্রীলংকা সফরে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু আজ সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অনুরোধে বাতিল করা হয়েছে ওয়ানডে সিরিজটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামি-উল-হাসান বলেছেন, আর্থিক ক্ষতি কমাতে শ্রীলংকা ক্রিকেট বোর্ড নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করতে চায়। আর সে কারণে তারা আমাদের অনুরোধ করেছে ওয়ানডে সিরিজ বাদ দিতে।

 

পিসিবির এই কর্মকর্তা আরো বলেন, ওয়ানডে ম্যাচগুলো ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ ছিল না। যে কারণে আমরা কোনো আপত্তি করিনি। টেস্ট সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই এটা চূড়ান্ত করব।

 

পাকিস্তানের আগে আগামী জুনে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। শ্রীলংকায় আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত্ নির্ভর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের ওপর। তারা এই সফর করবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শ্রীলংকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। কারণ দেশটির মানুষ পারছে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। ক্রিকেট পাকিস্তান