সর্বশেষ নয় বছরের মধ্যে এই প্রথমবারের মতো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বাইরের কেউ যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বসের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকায় উঠে গেলেন। তিনি ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে, যিনি আবার মেসির ক্লাব সতীর্থ।
ফ্রান্স জাতীয় দল ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরোয়ার্ড এমবাপ্পে চলতি ২০২২-২৩ মৌসুমে প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ১ হাজার ৩৩৩ কোটি টাকা) আয় করবেন। তার পিএসজি সতীর্থ মেসি এ সময় আয় কববেন ১২ কোটি ডলার, যিনি রয়েছেন তালিকার দুইয়ে। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ১০ কোটি ডলার আয় করে তালিকার তিনে অবস্থান করবেন। এর পরেই থাকবেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার ও লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। নেইমার আয় করবেন প্রায় ৮ কোটি ৭০ লাখ ডলার এবং সালাহ আয় করবেন ৫ কোটি ৩০ লাখ ডলার।
উল্লেখ্য, মেসি ও রোনালদোর বাইরে এর আগে সর্বশেষ ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন ইংলিশ সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। ২০১৩ সালে তিনি শীর্ষ আয়কারী ফুটবলার ছিলেন। এরপর মেসি ও রোনালদোর দীর্ঘ আধিপত্য, যেমনটি ছিল ব্যালন ডি’অর পুরস্কারেও।










