মুলতান টেস্টে পাকিস্তানের ৫৫৬ রানের জবাব দারুণভাবে দিচ্ছে ইংল্যান্ড। জো রুট ও হ্যারি ব্রুকের রাজসিক সেঞ্চুরিতে পাঁচশর কাছাকাছি পৌঁছে গেছে সফরকারীরা। ১০১ ওভারে ৩ উইকেটে ৪৯২ রান তুলে তৃতীয় দিন মাঠ ছাড়ে তারা। জো রুট ১৭৬ ও হ্যারি ব্রুক ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখন মাত্র ৬৪ রানে পিছিয়ে ইংলিশরা।

রুট ৩৫তম ও ব্রুক ষষ্ঠ সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরির পথেই আজ অ্যালিস্টার কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রুট। ২৯১ ইনিংসে ১২ হাজার ৪৭১ রান নিয়ে রেকর্ডটা ধরে রেখেছিলেন কুক। আজ সেই রেকর্ডটা কেড়ে নিলেন অনবদ্য ফর্মে থাকা রুট। তিনি মাত্র ২৬৮ ইনিংসে কুককে টপকেছেন। সেঞ্চুরিতেও ছুটছেন তিনি। ৯৭ টেস্টে রুটের সেঞ্চুরি ছিল ১৭টি। পরের ৫০ টেস্টে করলেন ১৮টি! সেঞ্চুরিতে তার উপরে আছেন শচীন (৫১), ক্যালিস (৪৫), পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮) ও দ্রাবিড় (২৬)।

আজ মুলতানে লাঞ্চের কিছুক্ষণ আগে দারুণ এক অন ড্রাইভে ৬৭ থেকে ৭১ রানে পৌঁছানোর সাথে সাথে রুট পৌঁছে যান নতুন উচ্চতায়। ইংল্যান্ডের ১৪৭ বছরের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এখন তিনিই।

শচীন টেন্ডুলকার ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করে সবার উপরে। এরপর রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিং (১৩,৩৭৮)। পন্টিং, ক্যালিস ও দ্রাবিড়কে টপকানো খুবই সম্ভব। আবার বর্তমানে যে গতিতে ছুটছেন তাতে শচীনের রেকর্ড ভাঙাও অসম্ভব নয়।