এ মাসেই ভারতে শুরু হচ্ছে ১৪তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা। আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভূটান। আসরটি সামনে রেখে দারুণ প্রস্তুতি সারল লাল-সবুজ জার্সিধারীরা। আজ বৃহস্পতিবার নম পেন জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারাল জামাল ভূইয়ার দল।

 

ম্যাচের ২৪ মিনিটে মজিবুর রহমান জনি বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন। ডান দিক থেকে দারুণ এক ক্রস দেন ফয়সাল আহমেদ ফাহিম। সেই ক্রসে ভলি করে গোল আদায় করে নেন জনি। লাল-সবুজ জার্সিতে প্রথম গোল পেলেন এই মিডফিল্ডারটি।

 

কম্বোডিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই নেমেছিল বাংলাদেশ। আগের পাঁচ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশের জয় ছিল চারটি, ড্র হয় একটি ম্যাচ। সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে রাকিব হোসেনের একমাত্র গোলে জিতেছিল বাংলাদেশ।

 

গত সোমবার কম্বোডিয়ার স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এবার কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষেও এলো জয়। সব মিলে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশ খেলোয়াড়দের।

 

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কম্বোডিয়া থেকে সরাসরি ভারতের বেঙ্গালুর যাবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ দল। সাফে একবার (২০০৩) শিরোপা জিতেছে বাংলাদেশ। সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন ভারত।