শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বেলা ১১টায়।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলবে অজিরা। দেশটির মাটিতে খেলা সর্বশেষ সিরিজ হবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার অনুপ্রেরণা। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতেছিল অতিথিরা। করাচি ও পেশোয়ারে শেষ দুই টেস্ট ড্র হলেও রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইনিংস ও ৯৯ রানে জয় পায় মার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সাবেকদের সেই সুখস্মৃতি অজিদের দেবে বাড়তি উদ্দীপনা। ওইবার পাকিস্তানের অধিনায়ক ছিলেন আমির সোহেল। সিরিজটিতে খেলা কেউই এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে নেই। সর্বশেষ অবসর নেয়া ক্রিকেটার ছিলেন শহিদ আফ্রিদি।

সাদা পোশাকে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মুখোমুখি ইতিহাস ৬৬ বছরের। ১৯৫৬ সালে করাচিতে সর্বপ্রথম দুদল টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়। যে ম্যাচটি অতিথিদের ৯ উইকেটে হারায় স্বাগতিকরা। এর পর থেকে এখন পর্যন্ত সর্বমোট ২৫টি টেস্ট সিরিজে ৬৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে ৩৩ টেস্ট জিতে পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই হেলে আছে। ১৫টিতে জিতেছে পাকিস্তান এবং ড্র হয়েছে ১৮টি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে ৫০ শতাংশ টেস্টই অস্ট্রেলিয়া জিতেছে। পাকিস্তানের জয়ের হার মাত্র ২২.৭২ শতাংশ।

বর্তমান আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের বিবেচনায়ও এগিয়ে আছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান ষষ্ঠ। র‌্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার মার্নুস লাবুশেনসহ সেরা দশে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। শীর্ষ বোলার প্যাট কামিন্সের সঙ্গী জশ হ্যাজেলউড আছেন আটে। সবশেষ বাংলাদেশ সফরে ফ্লপ করা পাকিস্তানের বাবর আজম আছেন ব্যাটারদের মধ্যে নয় নম্বরে। বোলিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা শাহিন আফ্রিদি আছেন পাঁচে।

তবে পূর্ব ইতিহাস বলছে ঘরের মাঠে পাকিস্তান অজিদের চেয়ে অনেক এগিয়ে। পাকিস্তানের মাটিতে এ পর্যন্ত দল দুটি খেলেছে আটটি সিরিজ। পাঁচটি সিরিজে জয় পেয়েছে স্বাগতিকরা। একটি সিরিজ ড্র এবং দুটি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো