পাঁচটি দাবিতে ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান। ক্রিকেটারদের আন্দোলনের মুখে বিপিএলে এদিনের নির্ধারিত দুটি মাচও মাঠে গড়ায়নি।

মূলত সংকট তৈরি হয় বিসিবির পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে ঘিরে। ক্রিকেটারদের নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন তিনি। এতে ক্ষুব্ধ ক্রিকেটাররা বুধবার রাতে নাজমুল ইসলামের অব্যাহতি চেয়ে বিসিবিকে আলটিমেটাম দেন। ২৪ ঘণ্টার আলটিমেটারের পরও তাকে না সরানোয় দুপুরের ম্যাচে মাঠে আসেননি ক্রিকেটাররা। ফলে, নোয়াখালী-চট্টগ্রাম ম্যাচ হয়নি।

দুপুরের পরে বনানীতে সংবাদ সম্মেলন ডাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে উপস্থিত ছিলেন কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুনসহ জ্যেষ্ঠ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও অন্যরা। সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি উত্থাপন করা হয়। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবি ও নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়টি সামনে আনা হয়েছে।

এ সময় কোয়াব সভাপতি বলেন, এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে। পরে নুরুল হাসান সোহান বলেন, খেলার জন্য প্রস্তুত সবাই। খেলার বিপক্ষে কেউ না, তবে দাবি মেনে।

ক্রিকেটারদের অনড় অবস্থানের কাছে হার মেনে বিসিবি ভার্চুয়াল সভা করে নাজমুলকে অর্থ কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহিত দেয়। তবে ক্রিকেটাররা চান, নাজমুলকে যেন পরিচালক পদ থেকেও যেন সরানো হয়, নইলে দ্বিতীয় ম্যাচেও মাঠে যাবেন না। সেই মোতাবেক তারা মাঠে যাননি।