অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল ২০২২) ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের টার্গেট ছুড়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে কুমিল্লা।

ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিনের ঝড়ো হাফসেঞ্চুরির পরও কুমিল্লার সংগ্রহটা দেড়শতেই আটকে থাকল মূলত মাঝের ওভারগুলোতে বরিশাল বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনের কারণে। নারিন মাত্র ২৩ বলে ৫ বাউন্ডারি ও ৫ ছক্কার সাহায্যে ৫৭ রান তুলে দিলে বড় সংগ্রহের ভিত তৈরি হয় কুমিল্লার। যদিও ষষ্ঠ ওভারে মেহেদী হাসান রানার বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে নারিন ফিরে যাওয়ার পরই কুমিল্লার রানের চাকা শ্লথ হয়ে পড়ে।

এরপর মুজিব উর রহমান (২/২৭), শফিকুল ইসলাম (২/৩১) ও সাকিব আল হাসান (১/৩০) বরিশালকে ম্যাচে ফেরান। কুমিল্লার চার ব্যাটার সাজঘরে ফেরেন ‘শূন্য’ রানে। শেষ ১০ ওভারের বিপর্যয়ে মধ্যে দাঁড়িয়ে ৩২ বলে ৩৮ রান করে কুমিল্লার সংগ্রহ দেড়শ পার করান মঈন আলী। ২৭ বলে ১৯ রান করে তাকে সঙ্গ দেন আবু হায়দার রনি।

উল্লেখ্য, এর আগে দুবার ভিন্ন নামে ফাইনাল খেললেও কখনো শিরোপা জেতা হয়নি বরিশালের। অনবদ্য ফর্মে থাকা সাকিব আল হাসানের নেতৃত্বে এবার ‘প্রথম’ শিরোপার স্বাদ পেতে চায় ফরচুন বরিশাল। অন্যদিকে, কুমিল্লা দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপা ঘরে তুলতে সমর্থ হয়। আজ তৃতীয় শিরোপা জয়ের সুযোগ ভিক্টোরিয়ানদের সামনে।