বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) আজ তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ভর করে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে
তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই হারে কার্যত বিদায় ঘটেছে
খুলনা টাইগার্সের।
চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে আজ ৫৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তানজিদ। চলতি আসরে এটা তৃতীয় ও বিপিএলের
ইতিহাসে ৩২তম সেঞ্চুরি। চলতি দশম আসরে তানজিদের আগে কুমিল্লার তাওহিদ হৃদয় ও একই দলের
উইল জ্যাকস সেঞ্চুরি করেন।
৬৫ বলে সমান ৮টি চার ও
৮টি ছক্কায় ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজিদ। এছাড়া টম ব্রুস ২৩ বলে ৩৬ রান করেন।
দ্বিতীয় উইকেটে সৈকত আলীকে নিয়ে ৩৭ বলে ৫৬ ও তৃতীয় উইকেটে ব্রুসকে নিয়ে ৬১ বলে ১১০
রানের পার্টনারশিপ গড়ে দলকে বড় সংগ্রহ (১৯২/৪) এনে দেন তানজিদ। জবাব দিতে নেমে ১২৭
রানে অলআউট খুলনা। অধিনায়ক শুভাগত হোম তিনটি এবং বিলাল খান দুটি উইকেট নেন।
এই জয়ে রংপুর (১১ ম্যাচে
১৮) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (১০ ম্যাচে ১৪) পর তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেল চট্টগ্রাম
(১২ ম্যাচে ১৪)। যদিও অঙ্কের হিসেবে খুলনার ক্ষীণ সম্ভাবনা টিকে আছে এখনো। শুক্রবার
ঢাকায় তারা বিশাল ব্যবধানে সিলেট স্ট্রাইকার্সকে হারাতে পারলে আশা টিকে থাকবে। যদিও
শর্ত হলো—সেদিন কুমিল্লার কাছে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে বড় ব্যবধানে হারতে
হবে। খুলনার রানরেট -০.৪০০, বরিশালের +০.৪৩৪। তাই খুলনার বিদায় বলাই যায়।
অথচ এই দলটি এবারের আসরে
শুরুর চার ম্যাচ জিতে তাক লাগিয়ে দেয়। এরপর টানা হারতে হারতে তারা পাঁচে নেমে যায়।
এবার তো বিদায়ই ঘটল।
১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে
টেবিলের চারে থাকা চট্টগ্রামের এটাই ছিল শেষ সুযোগ। খুলনা ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে
ছিল টেবিলের পাঁচে। তাদেরও জয়ের বিকল্প ছিল না। অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’-এ রূপ নেয়া
ম্যাচেই দাপটে জিতল চট্টগ্রাম।
এদিকে, সোমবার রাতে আবু
হায়দার রনির রেকর্ড বোলিংয়ে বরিশালকে হারিয়েছে রংপুর। ৪ ওভারে ১২ রান খরচায় ৫ উইকেট
এই পেস বোলরা। বিপিএলে বাংলাদেশের বোলারদের সেরা বোলিং এটিই। আগের সেরা ছিল সাকিব আল
হাসানের ১৬ রানে ৫ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসে এর চেয়ে কম রানে ৫ উইকেটের
নজির আছে দুটি।
আগে ব্যাট করে রনির বিধ্বংসী
বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৫১ রান তোলে বরিশাল। জবাবে বরিশাল বোলারদের তোপের মুখে পড়লেও
শেষ পর্যন্ত ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় রংপুর। উজ্জীবিত রাইডার্স আজ রাতের ম্যাচে
কুমিল্লার মুখোমুখি হবে।










