অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের ফুটবল সংস্করণ নিয়ে আসছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এটি হবে একটি বিনামূল্যের পরিষেবা। প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হবে ফিফার বিভিন্ন তথ্যচিত্র এবং কিছু খেলা সরাসরি সম্প্রচার নিয়ে। আসন্ন কাতার বিশ্বকাপে খেলা সম্প্রচারের একটি উপায়ও হতে পারে এটি। তবে সেই খেলাগুলো দেখতে অর্থ ব্যয় করতে হতে পারে গ্রাহককে।
ক্রমবর্ধমান মিডিয়াগুলোর জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভুত হলেও ‘ফিফা প্লাস’ নামক এই প্ল্যাটফর্মটি ফিফার পৃষ্ঠপোষকদের প্রচারের জন্যও ব্যবহূত হবে।
ফিফার স্ট্রাটেজি ডিরেক্টর শার্লট বার বলেছেন, নতুন এই সেবার জন্য গ্রাহক ফি নেয়ার কোনো পরিকল্পনা নেই। এর অর্থ এই নয় যে, আমরা পরবর্তীতেও নেব না। আমরা সময়ের সঙ্গে বিকশিত হতে পারি। যদি এমন একটি মূল্য প্রস্তাব থাকে যা আমাদের গ্রাহক চার্জ করতে বাধ্য করবে। তবে ফিফা প্লাসের কিছু কনটেন্ট সবসময় বিনামূল্যে উপভোগ করার সুযোগ থাকবে।
নির্দিষ্ট অঞ্চলে ম্যাচ সম্প্রচার সীমিত রাখতে ফিফা প্লাসে ‘জিও ব্লকিং’ ব্যবহার করা হবে। তবে প্ল্যাটফর্মটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো দেখা যাবে কিনা তা নিশ্চিত করেনি ফিফা। বাছাইপর্বের ম্যাচ সম্প্রচারের স্বত্ত্ব নির্দিষ্ট কনফেডারেশনের হাতে থাকে।
ফিফা জানিয়েছে, প্লাটফর্মটির যাত্রা শুরু হলে ইউটিউবে নতুন কন্টেন্টের সংখ্যা কমে যাবে। শুধু আগের খেলাগুলোই দেখা যাবে সেখানে। সম্প্রতি কাতার বিশ্বকাপের দীর্ঘস্থায়ী কোনো ভিডিও ইউটিউবে শেয়ার করা হয়নি।
ফিফার চিফ কমার্শিয়াল অফিসার কে মাদাতি বলেছেন, কোথায় ও কখন কী করব সে সম্পর্কে আমরা খানিকটা কৌশলী। এপি নিউজ










