আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল। ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত ছিলেন ৩ ক্রিকেটার জয়সোওয়াল, কেন উইলিয়ামসন ও পাথুম নিশাঙ্কা। উইলিয়ামসন ও নিশাঙ্কাকে পেছনে ফেলে জয়সোয়াল জিতে নিয়েছেন সেরার পুরস্কার।
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ক্ষেত্রে এরই মধ্যে নিজের সামর্থ্যের জায়গা দেখিয়েছেন জয়সোয়াল। খুব কম ক্রিকেটার আছেন, যারা তার মতো এত দুর্দান্তভাবে নিজের ক্যারিয়ার শুরু করেছেন। বর্তমান সময়ের সেরা ওপেনারদের নাম নিতে গেলে এ তরুণ ব্যাটারকে বাদ দিয়ে সে সুযোগটি নেই।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক জয়সোয়াল। পরপর দুই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন এ ব্যাটার। ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে রানের তীব্রতা তার ভেতর কতটুকু তা প্রমাণ করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৯ রান। পরের ম্যাচে রাজকোটে দ্বিতীয় ইনিংসেও দ্বিশতক। ভারতকে সিরিজ জয়ে এগিয়ে রেখেছে জয়সোয়ালের এসব ইনিংস।
কোনো টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কাও জয়সোয়ালের, রাজকোট টেস্টে ১২ টি ছয় হাকান তিনি। যৌথভাবে ওয়াসিম আকরামেরও একই। ২২ বছর ৪৯ দিন বয়সে টেস্টে পরপর দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি করার ফলে, তৃতীয় তরুণ ব্যাটার হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি। বাকি দুইজন স্যার ডন ব্র্যাডম্যান ও ভিনোদ কাম্বলি।
ফেব্রুয়ারিতে খেলা ৩ টেস্টে জয়সোয়ালের রান ৫৬০, গড় ১১২, ছক্কার সংখ্যা ২০ টি।
তিনি মার্চে এসেও তার ফর্ম ধরে রেখেছেন। ভারতের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম ১ হাজার টেস্ট রান করার গৌরব অর্জন করেছেন।
পুরস্কার পাওয়ার পর যশস্বী জয়সোয়াল বলেন, আমি এ পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছি। আশা করছি আগামী দিনে এমন আরো পুরস্কার জিতব। এই প্রথম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেললাম আমি। এখন পর্যন্ত এটি আমার জীবনের সেরা সিরিজ বলে মনে করি আমি।










