আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ড্রিংকিং পার্টনার হয়েছে টি. কে. গ্রুপের ব্র্যান্ড পুষ্টি ড্রিংকিং ওয়াটার। তেল, আটা, ময়দা, চায়ের পর পুষ্টি সর্বশেষ বাজারে এনেছে পুষ্টি পানি। এই পণ্যের প্রচারের লক্ষ্য নিয়েই তারা বাংলাদেশ ক্রিকেট দলের পানীয় সরবরাহের সহযোগী হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হলো। এর আগে ২০২২ সালে পুষ্টি ড্রিকিং ওয়াটার দুই বছরের বাংলাদেশ ফুটবল দলের অফিশিয়াল ড্রিংকিং পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়।

 

আজ সোমবার দুপুরে বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়ে ঘোষণা দেয়া হয়।


বিসিবির পক্ষ থেকে জানানো হয়, দুই বছরের (১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫) জন্য শুধু হোম সিরিজে চুক্তিবদ্ধ হয়েছে পুষ্টি। এই সময়ে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলে ছয়টি সিরিজে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

খাওয়ার পানি ছাড়াও বাংলাদেশ দলের ক্রিকেটারদের এনার্জি ড্রিংকসও সরবরাহ করবে পুষ্টি ব্র্যান্ড।

 

এর আগে ক্রিকেট দলের ড্রিংকিং পার্টনার ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পানির ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার।

 

আজকের সংবাদ সম্মেলনে টি. কে. গ্রুপকে ধন্যবাদ দিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘দুই বছরের জন্য তারা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আশা করি দুই বছর পর আরো বড় পরিসরে তারা আমাদের সঙ্গেই থাকবেন। বিসিবি ও পুষ্টির মধ্যে নতুন সম্পর্ক শুরু হলো, এই সম্পর্ক লম্বা সময় ধরেই চলবে বলে আশা করি। এখন থেকে আগামী দুই বছর পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে পুষ্টি। এই সময়ের মধ্যে ৬টি হোম সিরিজ অনুষ্ঠিত হবে যেখানে তাদের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং আমরা করব।’

 

ড্রিংকিং স্পন্সর প্রতিষ্ঠান টিকে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ডাইরেক্টর-মার্কেটিং মোহাম্মদ মোফাচ্ছেল হক, হেড অব বিজনেস-পুষ্টি কনজিউমার ডিভিশন আলম চৌধুরী, হেড অব ব্র্যান্ড, টি. কে. গ্রুপ মোহাম্মদ ইব্রাহিম খলিল, হেড অব সেলস-পুষ্টি কনজিউমার ডিভিশন শফিকুল ইসলাম প্রমুখ।