নিউজিল্যান্ডের
বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে ভারত বিশ্বের এক নম্বর ওডিআই দল হয়ে গিয়েছিল। তার আগেই
বিশ্বের এক নম্বর টি২০ আন্তর্জাতিক দলের মর্যাদাও আদায় করে নিয়েছিল। সর্বশেষ নাগপুর
টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংসে হারানোর সুবাদে টেস্টেও বিশ্বের এক নম্বর দল হয়ে গেল ভারত।
ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই এক নম্বর দল টিম ইন্ডিয়া।
আইসিসি
টেস্ট র্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ হয়েছে আজ বুধবার। তাতে দেখা যাচ্ছে ভারত ৩২টি
ম্যাচ খেলে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। ভারতের মোট পয়েন্ট ৩৬৯০। অস্ট্রেলিয়া
নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্যাট কামিন্সের দলের রেটিং পয়েন্ট কমে হয়েছে ১১১, ২৯টি
টেস্ট খেলে অজিদের মোট পয়েন্ট ৩২৩১। তিনে রয়েছে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে,
দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে পাকিস্তান, আটে শ্রীলঙ্কা, নয়ে বাংলাদেশ ও
দশ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।
জানুয়ারিতে
রোহিতের নেতৃত্বেই শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ক্লিন স্যুইপ
নিশ্চিত করেছিল ভারত। নিউজিল্যান্ড ভারত সফরে এসেছিল বিশ্বের ১ নম্বর দল হিসেবে। কিন্তু
ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে এক নম্বর দলের তকমা হারায় কিউইরা। ভারত ওডিআইয়ে এক নম্বর
দল হওয়ার পর এবার টেস্টে ১ নম্বর দল হয়ে গেল। যদিও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে আরও
তিনটি টেস্ট বাকি। অজিদের সুযোগ থাকবে সিংহাসন পুনরুদ্ধারের। কিন্তু ভারত সিরিজ জিতে
বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে দৃঢ়প্রতিজ্ঞ।
প্লেয়ারদের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের ইনিংস ও ১৩২ রানে জয়ের পিছনে অবদান রাখেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বোলারদের র্যাংকিংয়ে রয়েছেন প্যাট কামিন্সের পরেই, দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট কামিন্সের চেয়ে মাত্র ২১ পয়েন্ট কম। ২০১৭ সালের পর ফের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করার হাতছানি থাকছে অশ্বিনের সামনে। রোহিত শর্মা দুরন্ত শতরান করেছিলেন নাগপুরে। ব্যাটারদের তালিকায় তিনি আটে উঠে এসেছেন।
এদিকে, ওয়ানডে ও টি২০তে
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। ২৫২
রেটিং পয়েন্ট নিয়ে টি২০ ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৫০ রেটিং পয়েন্ট
নিয়ে তার কাছাকাছি চলে এসেছেন ভারতের হার্দিক পান্ডিয়া। এরপর আফগানিস্তানের
মোহাম্মদ নবী, শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা ও নামিবিয়ার জে জে স্মিট।
আর ওয়ানডের অলরাউন্ড র্যাংকিংয়ে ৩৮৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। এখানে ৩১০
রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নবী। এরপর বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, আফগানিস্তানের
রশিদ খান ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে
সাকিব রয়েছেন সাত নম্বরে। এক নম্বরে ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ টেস্ট র্যাংকিংয়ে ৯,
ওয়ানডে র্যাংকিংয়ে ৭ ও টি২০তে ৯ নম্বরে অবস্থান করছে।










