আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের লড়াই। রাতে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর হাইভোল্টেজ দুটি ম্যাচ। পার্স দেস প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ২টায় প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই। একই সময়ে এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি।
ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও অনিশ্চিত নেইমার। এখনো পুরোপুরি ফিট হয়েছেন কি-না তার ওপর নির্ভর করবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফেরা। রিয়াল কিংবদন্তি সার্জিও রামোস এই মৌসুমে যোগ দিয়েছেন প্যারিসের ক্লাবটিতে। তবে চোটের জন্য তার খেলা নিয়েও সংশয়। তবে আতঙ্ক ছড়াতে পারেন কিলিয়ান এমবাপ্পে-লিওনেল মেসি। দুজনের রসায়নও খুব জমে ওঠেছে।
পিএসজির সর্বশেষ ম্যাচে রেনের বিপক্ষে মেসির পাসে গোল করে জিতিয়েছেন এমবাপ্পে। বার্সেলোনা ছাড়ার পর পুরনো প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে প্রথম দেখা মেসির। ম্যাচটি স্মরণীয় করতে মুখিয়ে তিনি। আর এমবাপ্পে পেশাদারি মোড়কে খেলতে চান নিজের সেরাটা। চলতি মৌসুমে তাঁর গোল ২১টি, যা মেসি, নেইমার, ইকার্দি, দি মারিয়ারা মিলেও করতে পারেননি।
চ্যাম্পিয়ন্স লিগের গত তিন আসরে দুইবার শেষ ষোলো থেকে বাদ পড়েছে রিয়াল। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা অবশ্য গতবার পৌঁছেছিল সেমিফাইনালে। লিগ ওয়ানের ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ ১৬ অ্যাওয়ে ম্যাচে জিতেছে ছয়বার, ড্র তিন আর হার সাতবার। পিএসজির সঙ্গে সব মিলিয়ে ১০ ম্যাচে জয় চারটি, ড্র তিনটিতে হারও সমান তিনটি। ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোতে পিএসজিকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। আর গ্রুপ পর্বে সর্বশেষ দেখায় ২০১৯-২০ মৌসুমে পিএসজির মাঠে ৩-০ গোলে হারের পর ফিরতি লেগে ড্র ২-২-এ। বেনজিমা, ভিনিসিয়ুস, অ্যাসেনসিওরা ছন্দে থাকায় এবার জয় নিয়ে প্যারিস ছাড়তে চাইবে কার্লো আনচেলোত্তির দল।










