ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজন করেছে ‘২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪’-এর। এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি দল আমন্ত্রিত হয়েছে। দলগুলো হলো: ম্যাড থেটার (অ্যানা ফ্রাঙ্ক), থিয়েটার ফ্যাক্টরি (আষাঢ়স্য প্রথম দিবসে), নাট্যম রেপার্টরি (দমের মাদার), বটতলা (খনা) ও স্বপ্নদল (চিত্রাঙ্গদা)।
বাংলাদেশের দলগুলো আন্তর্জাতিকভাবে সমাদৃত এ উৎসবে অংশগ্রহণের আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পাঁচ দিনব্যাপী একটি নাট্যোৎসবের আয়োজন করেছে। ‘ভাষার সঙ্গ, নাট্যরঙ্গ বাংলাদেশ উৎসব’ শীর্ষক এ নাট্যোৎসবের সূচনা শুরু হয়েছে গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা ৭টায়। নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়ন হয়েছে ম্যাড থেটারের নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ২৩তম ভারত রঙ মহোৎসব ২০২৪-এ নাটকটির দুটি প্রদর্শনী হবে আসামের ডিব্রুগড় ও এলটিজি অডিটরিয়াম, দিল্লি।
৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পকলার এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো দেখা যাবে। সে ধারাবাহিকতায় আজ থিয়েটার ফ্যাক্টরি নাট্যদল মঞ্চায়ন করতে যাচ্ছে তাদের জনপ্রিয় নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। মহাকবি কালিদাসের জীবনী অবলম্বনে মোহন রাকেশের রচনায় অলোক বসুর নির্দেশনায় ও থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় আলোচিত নাটক আষাঢ়স্য প্রথম দিবসে। নাটকটি হিন্দি ভাষায় রচনা করেছেন মোহন রাকেশ, আখ্যান রচিত হয়েছে কবি কালিদাসকে কেন্দ্র করে। এছাড়া এ নাটকে মল্লিকা এক অনিবার্য চরিত্র। কালিদাস আর মল্লিকার জীবনের নানা মর্মস্পর্শী ঘটনা নিয়ে এগিয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে।
আগামীকাল নাট্যম রেপার্টরি মঞ্চায়ন করবে ‘দমের মাদার’ নাটকটি। এছাড়া ৪ ফেব্রুয়ারি বটতলা খনা ও ৫ ফেব্রুয়ারি স্বপ্নদল চিত্রাঙ্গদা নাটকটি নিয়ে আসছে।










