অভিনেতা, চলচ্চিত্র ও নাটক নির্মাতা, গীতিকার সোহেল আরমান। আগামী ঈদে তার নির্দেশনায় বিটিভিতে প্রচার হবে ‘জলপরী’ নামের একটি টেলিফিল্ম। এরই মধ্যে টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সোহেল আরমান জানান, জলপরী মূলত একটি দ্বীপের নাম। এ জলপরী দ্বীপেই বাবার অপরাধের কারণে তার মেয়েকে বেঁধে রাখা হয়। কারণ তাদের বিশ্বাস যেকোনো একদিন ঝড় আসবে, সে কন্যাকে সাগরে ভাসিয়ে নিয়ে যাবে। তবেই জেলেদের জালে মাছ ধরা পড়বে। এভাবেই এগিয়ে যায় গল্প। সোহেল আরমানের নির্দেশনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, সমু চৌধুরী, সূচনা, সানজিদা কানিজ, মনির, মায়া ইসলামসহ আরো অনেকে। সোহেল আরমান বলেন, ‘অনেক দিন পর বিটিভির জন্য একটি টেলিফিল্মের নির্দেশনা দিলাম। যথারীতি গল্পের প্রয়োজনে আমাদের ঢাকার বাইরে শুটিং করতে হয়েছে। জাহের আলভী তার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। আমি ভীষণ মুগ্ধ তার অভিনয়ে। এছাড়া আরো যারা আছেন, তারা প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমি খুব আশাবাদী জলপরী টেলিফিল্মটি নিয়ে। যেহেতু আমি নিজেই জলপরীর রচয়িতা, তাই নির্দেশনাটা আমার মনের মতো করেই দিতে পেরেছি। যে কারণে জলপরী নিয়ে আশাবাদী আমি।’ সোহেল আরমান সর্বশেষ ‘নয়ন পাখি’ ও ‘রূপ না মন’ নামক দুটি নাটক নির্মাণ করেছেন। নয়ন পাখিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সামিরা খান মাহি। ‘রূপ না মন’ নাটকে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও রোদসী সিদ্দিকা।