এবারের ঈদে মু্ক্তি পায় ছয়টি সিনেমা। এ সিনেমাগুলোর মধ্যে এরই মধ্যে ভিন্নধর্মী নির্মাণ, শক্তিশালী অভিনয় আর মননশীল গল্পের কারণে ‘উৎসব’ সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে।
এরই মধ্যে দর্শকের মুখে মুখে ফিরছে সিনেমাটির গল্প। হাউজফুল যাচ্ছে প্রায় সব শো, নেই অগ্রিম টিকিট। দেশে এতটা সাড়া ফেলে পারিবারিক গল্পের উৎসব এবার মুক্তি পেতে যাচ্ছে কানাডা, আমেরিকার মতো শহরে।
২০ জুন থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার ‘সিনেপ্লেক্স’, আমেরিকার ‘এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ ও ইউকের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। ২১ জুন উৎসব মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়ও। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে তানিম নূর নির্মাণ করেছেন উৎসব সিনেমাটি। এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে এর গল্প।
এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা তাকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতর। সে অভিজ্ঞতায় বদলে যেতে থাকে মানুষটি। চরিত্রগুলোয় অভিনয় করেছেন দেশের প্রথম সারির শিল্পীরা।
সেখানে জাহিদ হাসান রয়েছেন কৃপণ ব্যক্তির ভূমিকায়। তিন আত্মার চরিত্রে দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিমকে। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।










