বারবার ব্যক্তিগত ও পেশাগত জীবন দিয়ে পাবলিক ট্রায়ালের মুখে পড়েছেন সামান্থা রুথ প্রভু। ক’দিন আগেই মায়োসিটিস নামক রোগে ভোগার কথা জানালেন, আবার সবাইকে অবাক করে দিয়ে এর মধ্যেই নেমে পড়েছেন আসন্ন সিনেমার প্রচারে। গত কয়েক বছরে কাজ বেছে নেয়ার ক্ষেত্রেও যে সামান্থা বেশ সাবধান ছিলেন, তা বোঝা যায় তার চরিত্রগুলো দেখলেই।
অটো ইমিউনের রোগাক্রান্ত সামান্থা এক ইন্টারভিউতে জানান, ‘কিছুদিন ভালো যায়, কিছুদিন খারাপ। কখনো কখনো মনে হয় হয়তো আর এক পাও ফেলতে পারব না। আবার যদি পেছনে ফিরে তাকাই, দেখি অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমি জানি, আমি যুদ্ধ করতে এসেছি। এখানে আরো অনেকেই আছেন, যারা অনেক যুদ্ধ করছেন। শেষ পর্যন্ত আমরা জয় পাবই।’
যখনই মনে হচ্ছে সবকিছু ধসে পড়বে, তখনই আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন সুপার ডিলাক্স অভিনেত্রী। নতুন করে জানান দেন, আমি দ্রুতই মারা যাচ্ছি না। হাতে সময় আছে। খুবই ক্লান্তিকর। কিন্তু আমি সবসময় যোদ্ধা। এবারো যুদ্ধ করে যাব।
ফ্যামিলি ম্যান সিরিজে অভিনয় করার পরে আরো বেশি পরিচিতি পেয়ে যান সামান্থা। আজ তার সিনেমা যশোদা মুক্তি পেতে যাচ্ছে। এত বেশি শারীরিক সমস্যা সত্ত্বেও সামান্থাকে যশোদার প্রমোশন করতে দেখা গিয়েছে।
কয়েক বছরে কিছু ভিন্নধারার চরিত্র বেছে নিয়েছেন সামান্থা। ২০১৯ সালের সুপার ডিলাক্স সিনেমায় ভিন্নধর্মী একটি চরিত্র থেকে শুরু করে দ্য ফ্যামিলি ম্যান সিরিজে নিজেকে পুরো বদলে ফেলেন। পুরো সিরিজে তেমন কথা না বললেও বেশকিছু স্ট্যান্ট দিয়েই মন জয় করেন সবার। আর পুষ্পা-দ্য রাইজে শুধু একটি আইটেম গান দিয়েই বাজিমাত করেন এ অভিনেত্রী। সবশেষে আসতে যাচ্ছে তার সিনেমা যশোদা। ধারণা করা হচ্ছে, এটিও তাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










