শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা সূর্যবংশী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। করোনাকালীন সংকট কাটিয়ে বক্স অফিসে আশা জাগিয়েছে সিনেমাটি। রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশী মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ২৭ কোটি রুপি। ২০১৯ সালের ওয়ার সিনেমার পর প্রথম দিনের আয়ে এটাই বলিউডে সবচেয়ে বড় সাফল্য।
সূর্যবংশীর এমন সফলতায় ভারতের সিনেমা হলসংশ্লিষ্টদের প্রশংসা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন অক্ষয় কুমার ও রোহিত শেট্টি। কারণ অনেকেই যখন তাদের ছবি ওটিটি প্লাটফর্মে মুক্তি দিয়েছেন তখন দীর্ঘদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন রোহিত ও অক্ষয়। তাদের সিদ্ধান্ত ফল দিচ্ছে। সূর্যবংশী দেখতে হলে ফিরছেন ভারতের দর্শকরা। তবে সূর্যবংশী মুক্তির দিনেই ভারতজুড়ে প্রায় ১৭-১৮ লাখ দর্শক হলে গিয়েছেন। এসেছে প্রত্যাশার চেয়ে বেশি আয়। দীপাবলির ছুটির অবশ্য এক্ষেত্রে বড় ভূমিকা ছিল, কিন্তু তার পরও সংশ্লিষ্টরা সূর্যবংশীর সফলতার প্রশংসা করছেন।
সূর্যবংশীর সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে ভারতের গুজরাটে। এরপর উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র। তিনটি ন্যাশনাল চেইন—পিভিআর, আইনক্স ও সিনেপোলিস মিলে সংগ্রহ করেছে প্রায় ১১ কোটি রুপি। আর সিঙ্গেল স্ক্রিন হল বা চেইনের বাইরে থাকারা সংগ্রহ করেছে প্রায় ১৫ কোটি রুপি। করোনা মহামারী সিনেমা হলের দিন শেষ করে দিল কিনা তা নিয়ে শঙ্কা চলছে অনেক দিন ধরেই, সূর্যবংশী আপাতত ভারতের ক্ষেত্রে এমন আশঙ্কাকে উড়িয়ে দিল বলা যায়।
ভারতে মোট ৩ হাজার ৫১৯টি পর্দায় মুক্তি পেয়েছে সূর্যবংশী। আর বিশ্বজুড়ে ৬৬ দেশে আরো ১ হাজার ৩০০ পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি।
পুলিশের অ্যাকশন থ্রিলার কাহিনী নিয়ে নির্মিত সূর্যবংশী ছবিটিতে অক্ষয় কুমার ও ক্যাটরিনা ছাড়াও রণবীর সিং সিম্বা ও অজয় দেবগন সিংহামের চরিত্রে অভিনয় করছেন। ২০১৯ সালের ৫ মার্চ সূর্যবংশী সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল। গত বছর ২৪ মার্চ সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। ফলে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৯ মাস।
সূত্র: পিংকভিলা










