ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘অগ্নি ২’, ‘ঢাকা অ্যাটাক’সহ নানা সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই এবার আসছে সুখবর—অ্যাকশন সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি।

তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘অন্তর্যামী’ নামের নতুন এক সিনেমায়। পরিচালনা করবেন সৈকত নাসির। সিনেমাটির খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি জানিয়েছেন, লেডি অ্যাকশন সিনেমা দিয়েই ফিরবেন মাহিয়া মাহি। গল্পটি এগোবে মাহি ও একটি নয় বছরের শিশুকে কেন্দ্র করে। সিনেমাটিতে কোনো নায়ক থাকছে না। আব্দুল আজিজ বলেন, ‘অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘অন্তর্যামী’র কাহিনী। এটি হবে সারভাইভাল গল্প, যেখানে ‘অগ্নি’-এর চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে।’

তিনি আরো জানান, আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে এবং একই বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হয়ে পরবর্তী ধাপে থাইল্যান্ড ও শেষে বাংলাদেশে চিত্রায়ণ হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব।