বক্স অফিসে হৈচৈ ফেলে দিয়েছে আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা। এ সিনেমায় অভিনয়ের জন্য আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারা। এ তালিকাতে রয়েছেন ‘হাইওয়ে’ খ্যাত আলিয়া ভাট।  

‘রাজি’র এ অভিনেত্রী বলেন, আমার পুরো পরিবার পুষ্পা দেখেছে এবং তারা আল্লু অর্জুনের ভক্ত হয়ে গেছে। তারা এখন আমাকে প্রশ্ন করছে আমি কবে আল্লু অর্জুনের বিপরীতে কাজ করবো। আরো মজার বিষয় হচ্ছে আমার বাড়ির লোক এখন আমাকে আলু বলে ডাকছে। আর তারা আমাকে বলছে, আলু তুমি কবে আল্লুর সঙ্গে কাজ করবে। সত্যি বলতে আল্লু অর্জুনের সঙ্গে কাজের সুযোগ পেলে আমি খুব খুশি হবো এবং কাজে লেগে যাবো।  

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির ৫০ দিন পার হয়ে যাওয়ার পরেও বিশ্বব্যাপী বক্স অফিস মাতিয়ে চলেছে। এখনো প্রেক্ষাগৃহগুলোতে সফলভাবে চলছে এ সিনেমা। সিনেমাটি একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে। ব্লকবাস্টার সিনেমাটি এর মধ্যে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকে ১০০ কোটি রুপির বেশি আয় করে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটি ২০২১ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে একটি।

চলতি মাসের ২৫ তারিখে মুক্তি পাবে আলিয়া ভাটের বহুল প্রতীক্ষিত সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত সিনেমাটির প্রচার নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আলিয়া।  

সূত্র: বলিউড হাঙ্গামা