জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন আজমেরী হক বাঁধন। রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত সিনেমাটি তিন ক্যাটাগরিতে (সেরা অভিনেত্রী, শিশুশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার) জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। জীবনে প্রথম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। কিন্তু তবু দুঃখবোধ রয়ে গেছে বাঁধনের। সিনেমাটি আরো বেশি বিভাগে পুরস্কৃত হতে পারত বলে মনে করেন তিনি।
সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে তার মা-বাবাও গর্বিত। তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বাঁধন বলেন, ‘অবশ্যই আমি ভীষণ খুশি এবং গর্বিত প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে। এ সম্মাননা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছি। নিশ্চয়ই এটা আমার ভীষণ ভালো লাগার। আর জীবনের এই সেরা মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার মা-বাবা এবং আমার একমাত্র আদরের কন্যা উপভোগ করেছে। এ মুহূর্ত জীবনে আর কখনো আসবে কিনা জানা নেই। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার মা-বাবা ভীষণ সম্মানিত বোধ করেছেন।’
সিনেমাটি আরো বেশি বিভাগে পুরস্কৃত হতে পারত বলে মনে করেন বাঁধন। এ নিয়ে তিনি বলেন, ‘আমার অভিনীত সিনেমা রেহানা মরিয়ম নূর সিনেমাটি বিশ্বে বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিকভাবে আরো সমাদৃত করেছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আরো সম্মানিত করেছে। বিশ্বের বিভিন্ন উৎসবে সিনেমাটি সম্মানিত হয়েছে। সেদিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে, দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিনেমাটিকে আরো কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া যেত। এ দুঃখবোধটা আমার রয়ে গেছে।’
রেহানা মরিয়ম নূরের পুরো টিমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আমার এ পুরস্কার আমি সারা পৃথিবীতে যারা স্বাধীনতা থেকে, অধিকার থেকে বঞ্চিত তাদের উৎসর্গ করেছি। আমি এমন একটা পৃথিবী দেখতে চাই যেখানে নারী-পুরুষ যেন সমঅধিকার, সমসম্মান এবং সমমর্যাদা পায়।’
২০২১ সালের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ সিনেমার প্রধান চরিত্রে ছিলেন বাঁধন। সিনেমাটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায়। প্রথমবারের মতো এ উৎসবে বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে অফিশিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়েছিল।










